ছেঁউড়িয়ায় আজ ভাঙছে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালন একাডেমির আয়োজনে লালন সাঁইয়ের তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আয়োজিত পাঁচ দিনব্যাপী মেলা ও সংগীতানুষ্ঠানের আজ শেষ দিন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে লালন সাঁইয়ের ভক্ত ও অনুসারীরা সমবেত হয়েছিলেন ছেঁউড়িয়ায়। তাঁদের অর্ধেকের বেশির ভাগই সাঁইজির আখড়ায় বিদায় ভক্তি নিবেদন করে বিচ্ছেদের বেদনা নিয়ে গতকাল শনিবারই আখড়াবাড়ি ছেড়ে গেছেন। তবে সাঁইজির প্রতি ভালোবাসার টানে অনেকেই রয়ে গেছেন আখড়াবাড়িতে।
গতকাল সন্ধ্যায় মূল মঞ্চে আলোচনা সভায় লালনের ওপর আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ। আলোচনা শেষে রাতভর চলে লালন একাডেমির শিল্পী ও বাউলদের গান।
লালন সাঁইজির তিরোধানের দিবসটি ছিল পয়লা কার্তিক। সেই হিসাবে পয়লা কার্তিকের রাতে ‘অধিবাস’ আয়োজনের রীতি চলে আসছে। এই রাতে লালনের আখড়ায় আসা ভক্ত ও সাধুদের জন্য খিচুড়ি খাওয়ানোর আয়োজনকে অধিবাস বলা হয়। পরদিন সকালে ‘বাল্যসেবা’ অর্থাৎ পায়েস ও মুড়ি খাওয়ার আয়োজন। এরপর গানবাজনা ও তত্ত্ব আলোচনা চলে দুপুর পর্যন্ত। দুপুরের পর ‘পূর্ণসেবা’ অর্থাৎ সাদা ভাত ও ইলিশ মাছ খাওয়ার ধুম। সাধুরা ফকির লালন শাহকে এভাবেই স্মরণ করেন। মাত্র দুই দিনেই তাঁদের আচার-অনুষ্ঠান শেষ হওয়ার এই রীতিই বিদ্যমান ছিল গত শতাব্দীর শেষ দশক পর্যন্ত। ১৪-১৫ বছর ধরে লালন স্মরণোৎসবের আয়োজকেরা এই সময়সীমা পর্যায়ক্রমে বাড়িয়ে এখন পাঁচ দিন করেছেন। সেই হিসাবে গত বুধবার শুরু হওয়া এই আয়োজনের শেষ দিন আজ রোববার।