ছেঁউড়িয়ায় লালন মেলা কাল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলসম্রাট ফকির লালন শাহ্র ১২৫তম মৃত্যুবার্ষিকী কাল শুক্রবার। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন একাডেমি চত্বরে পাঁচ দিনব্যাপী লালন মেলা, আলোচন সভা ও লালন সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি এর আয়োজন করেছে।
১৮৯০ সালের ১ কার্তিক ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তাঁর মাজার চত্বরে ভক্তরা সাঁইজিকে স্মরণ করে আসছেন। পরে লালন একাডেমি লালন মেলার আয়োজন শুরু করে।
আয়োজক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে লালন ভক্ত-অনুসারীরা মাজারে আসতে শুরু করেছেন। এ ছাড়া কালি নদীর পাড় ঘেঁষে দুই শতাধিক অস্থায়ী দোকান বসেছে।
লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, আশা করা যাচ্ছে, দেশ-বিদেশের পাঁচ লাখের বেশি মানুষ এখানে জড়ো হবে।