ছেঁউড়িয়ায় শেষ লালন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শেষ হলো তিন দিনব্যাপী লালন মেলা। গতকাল মঙ্গলবার লালনের গানের মধ্য দিয়ে তাঁর ১২৬তম তিরোধান দিবসের এ আয়োজন শেষ হয়।
গতকাল শেষ দিন সন্ধ্যায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। লালন একাডেমির আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।
গত সোমবার বিকেলে বাউলদের অষ্টপ্রহর শেষ হলেও অনেকে মাজার চত্বরে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে সাধুগুরুর সান্নিধ্য পেতে আবারও দৌল তিথিতে মিলিত হওয়ার আশা নিয়ে সাঁইজির এই ভবের হাট ছেড়ে চলে যান তাঁরা।
শেষ দিন আলোচনা পর্বের পর লালন একাডেমির শিল্পীরা সমবেত সংগীত দিয়ে গানের আসর শুরু করেন। বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা একক গান পরিবেশন করেন।