ছেঁড়া টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছেঁড়া নোট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে কুশলীবাসা গ্রামে গরু বিক্রেতা মোহাম্মদ আলীর সঙ্গে মধ্যস্থতাকারী (দালাল) হেলাল উদ্দীনের ছেঁড়া নোট নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহম্মদ আলী (৬০), আশরাফ হোসেন (৬০), আকছেদ আলী (৫০), মো. বাবু (২৫), ফিরোজ আহমেদ (৩০), রেজাউল করিম (৪২), হেলাল উদ্দিন (৪০) ও শিল্পী খাতুন (৪০) আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মোহাম্মদ আলী বলেন, তিনি হেলালের মাধ্যমে ফরিদপুরের এক গরু ব্যবসায়ীর কাছে ১ লাখ ৯৮ হাজার টাকায় দুটি গরু বিক্রি করেন। সোমবার রাতে হেলাল গরু বিক্রির টাকা দিতে আসেন। ওই টাকার মধ্যে ছেঁড়া নোট ছিল। সেটি নিতে না চাইলে তিনি টাকা না দেওয়ার হুমকি দেন। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হয় এবং হেলালের সহযোগীরা হামলা চালায়।