ছেঁড়া হাফ প্যান্টে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহাম্মদপুর প্যারাহাটী গ্রাম। সেখানে ফসলের মাঠে গতকাল বুধবার সকালে কয়েকজন কাজ করছিলেন। আটটার দিকে গেঞ্জি পরা এক অপরিচিত ব্যক্তি ওই মাঠের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে প্রায় তিন বছরের একটি শিশু। গ্রামের লোকজন ওই ব্যক্তিকে মাঠের আঙ্গুরবড়া গাছতলায় ডেকে আনেন। কথায় কথায় লোকটি বলেন, শিশুটি তাঁরই মেয়ে, সারিয়াকান্দিতে যাচ্ছেন। কিন্তু শিশুটির পরনের ছেঁড়া হাফ প্যান্ট স্পষ্ট সাক্ষ্য দেয়, সে মেয়ে নয়, ছেলে।

তখনই গ্রামের বাসিন্দারা চোর সন্দেহে লোকটিকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে সোপর্দ করেন পুলিশে। উদ্ধার হয় শিশুটি।

শিশুটির নাম আবদুল্লাহ। সে আক্কেলপুর পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটী এলাকার সেকেন্দার আলীর ছেলে। তার মা-বাবা ঢাকায় কাজ করেন। এ কারণে সে পারঘাটী এলাকায় তার নানার বাড়িতে থাকে। সেখান থেকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি তাকে চুরি করেন। লোকটির দাবি, তাঁর নাম আবদুল জলিল (৫০)।

বিকেলে জানতে চাইলে আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) তারেক রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা এলে শিশুটিকে হস্তান্তর করা হবে। তা ছাড়া ওই ব্যক্তিকে থানায় আনা হয়। তাঁর দেওয়া নাম-ঠিকানা যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।