ছেঁড়াদিয়ায় দখল বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানচিত্রের সর্ব দক্ষিণের ভূখণ্ডটির নাম ছেঁড়াদিয়া। কক্সবাজারের টেকনাফ সদর থেকে এর দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত সেন্ট মার্টিনের আরেক বিচ্ছিন্ন দ্বীপ এটি। প্রবাল-শৈবাল আর জীববৈচিত্র্যে ভরপুর বলে দেশ-বিদেশের লোকজন এখানে ছুটে আসেন। প্রতিবেশ সংকটাপন্ন এই ছেঁড়াদিয়ায় ঘরবাড়ি নির্মাণ, লোকবসতি ও অবস্থান নিষিদ্ধ হলেও ইদানীং অনেকে এখানে বসতি করছেন। অনেকে সৈকত দখল করে অস্থায়ী দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছেন। সম্প্রতি স্পিডবোটে সেন্ট মার্টিন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে (দক্ষিণে) ছেঁড়াদিয়া পা দিতেই নজরে পড়ে বিশাল পাথর স্তূপের ওপর পাঁচটি ঝুপড়ি দোকানপাট। একটি দোকানের মালিক টেকনাফের সৈয়দ করিম (৩৪) বলেন, দৈনিক কয়েক হাজার পর্যটক এই বিচ্ছিন্ন দ্বীপ পরিদর্শন করছেন। খাবারের ব্যবস্থা নেই বলে ভ্রমণে আসা পর্যটকের জন্য এই দোকান খোলা হয়েছে।সিলেট থেকে ভ্রমণে আসা পর্যটক সালেহিন সিরাজ বলেন, এত সুন্দর একটি দ্বীপে পরিবেশ রক্ষার কেউ নেই। ডাস্টবিন না থাকায় ডাবের খোসা ফেলতে হচ্ছে পরিচ্ছন্ন সৈকতে। দ্বীপে ওঠানামার জেটি বা সাঁকো না থাকায় ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় প্রবাল পাথর স্তূপে পা দিয়ে নামতে হচ্ছে। এতে অনেকের পা কেটে যাচ্ছে। দ্বীপের মাঝামাঝি কেয়াবনের পাশে বিশাল বালুচর দখল করে চারটি দোকান তৈরি করেন, সেন্ট মার্টিনের মনির উল্লাহ, নজির আহমদসহ অনেকে। পর্যটকেরা এসব দোকান থেকে ডাব, চিপস কিনে খাচ্ছেন। ডাবের খোসা ও পলিথিন সৈকতে নিক্ষেপ করা হচ্ছে। ফলে পুরো সৈকত ময়লা-আবর্জনার ভরে যাচ্ছে। পলিথিন ও ডাবের খোসায় চাপা পড়ে শামুক-ঝিনুক মরে যাচ্ছে। নজির আহমদ বলেন, এসব দোকানপাট তৈরি করা হলেও এ পর্যন্ত কেউ বাঁধা দেয়নি। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়ায় লোকবসতি ও অবকাঠামো তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু লোকবল-সংকটের কারণে অবৈধ বসতি ও দোকানপাট উচ্ছেদ করা যাচ্ছে না। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, ছেঁড়াদিয়ায় ঘরবাড়ি ও দোকানপাট তৈরির জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। বহিরাগত কিছু লোক ব্যবসা-বাণিজ্য করার জন্য এসব দোকানপাট খুলেছে। পরিবেশ অধিদপ্তর চাইলে এসব উচ্ছেদ করতে পারে।