ছেংগারচরে আ.লীগের প্রার্থী মেয়র নির্বাচিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মেয়র পদে আজ বুধবার নির্বাচন হচ্ছে না। একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম বেসরকারিভাবে ওই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ওই প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কাজী হেকমত আলী প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের এক রায়ে পৌরসভায় মেয়র পদে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের রফিকুল আলম। ওই পদে আর কোনো প্রার্থী না থাকায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, রফিকুল আলমকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণার জন্য গত সোমবার নির্বাচন কমিশন (ইসি) থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি আসে। নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. রাজিব আহসান স্বাক্ষরিত ওই চিঠির পরিপ্রেক্ষিতে রফিকুলকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়। গতকাল দুপুরে নির্বাচন কমিশনকে লিখিতভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
মতলব উত্তরের ইউএনও মফিজুল ইসলাম বলেন, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে অাজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর হাইকোর্ট বিএনপির মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রফিকুল আলম হাইকোর্টের দেওয়া ওই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল করেন। ২২ ডিসেম্বর শুনানি শেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায়ের স্থগিতাদেশ দেন। এতে ওই পৌরসভায় মেয়র পদে নির্বাচন না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।