ছেংগারচরে উত্তেজনা আছে, উত্তাপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদের নির্বাচনী ভাগ্য আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কারণে এখানে ভোট নিয়ে উত্তেজনা থাকলেও প্রচারে উত্তাপ নেই।
কাউন্সিলর প্রার্থীদের প্রায় সবাই একই দলের হওয়ায় প্রচারের চেয়ে দলের স্থানীয় কিংবা কেন্দ্রীয় নেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন তাঁরা। এখানে ১২টি কাউন্সিলর পদের লড়াইয়ে ৪৪ প্রার্থীর মধ্যে ৪২ জনই সরকারি দলের প্রার্থী।
গতকাল রোববার ওই পৌর এলাকায় ঘুরে নির্বাচনী প্রচারের তেমন কোনো তোড়জোড় দেখা যায়নি। অল্পসংখ্যক পোস্টার দেখা গেলেও মাইক নিয়ে প্রচার কিংবা প্রার্থীদের গণসংযোগও তেমন দেখা যায়নি।
মেয়র পদে প্রধান দুই দলের প্রার্থীই এলাকায় নেই। দুজনই ঢাকায়। আগামীকাল মঙ্গলবার বিএনপির মেয়র প্রার্থীর প্রার্থিতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির কথা থাকায় দুই প্রার্থীই ঢাকায় অবস্থান করছেন বলে নিজেরাই জানিয়েছেন।
ছেংগারচর বাজার ও পৌরসভার আশপাশের এলাকায় ঘুরে মেয়র পদের দুই প্রার্থীর সামান্য কিছু পোস্টার দেখা গেছে। মতলব (উত্তর) উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের মেয়র প্রার্থীর প্রার্থিতা নিয়ে আমরা চিন্তিত। এখন অপেক্ষায় আছি আদালতের সিদ্ধান্তের।’ তাঁর অভিযোগ, ‘এলাকায় নির্বাচনী প্রচারের ক্ষেত্রে আমরা প্রায়শই বাধার সম্মুখীন হচ্ছি। শনিবার আমরা বিভিন্ন এলাকায় পোস্টার লাগালেও প্রতিপক্ষের লোকজন ওই সব পোস্টার ছিঁড়ে নিজেদের পোস্টার লাগিয়েছে। কর্মীদের প্রচারণা চালাতে বাধা দিচ্ছে। সীমিত আকারে প্রচারণা করতে গিয়েই আমরা যখন বাধার সম্মুখীন হচ্ছি, তখন পরবর্তী সময়ে প্রচারে নামলে কী হবে ভাবতে পারছি না।’
বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীনের একই কথা। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের শুনানির অপেক্ষায় আছি। কিন্তু প্রচারে নামতে গিয়ে এলাকায় আমার কর্মীদের বাধা দেওয়া হচ্ছে।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. রফিকুল আলম (জজ) বিএনপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘সত্যি বলতে কি, আমরা নির্বাচনী প্রচার পুরোপুরি শুরু করতে পারিনি। আজ (রোববার) থেকে শুরু করেছি। আদালতের রায়ের পর নির্বাচনী মাঠে যেতে হলে মঙ্গলবার থেকেই মাঠে থাকব। আর রায় পেলে তো নির্বাচন করা লাগবে না।’
উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৫ ডিসেম্বর বিএনপির প্রার্থী সারোয়ারুল আবেদীনের প্রার্থিতা বাতিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম। আপিল কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক ১০ ডিসেম্বর সারোয়ারুল আবেদীনের এ-সংক্রান্ত আপিল বাতিল করে দিলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। ১৩ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন। এর দুই দিন পর সরকারি দলের প্রার্থী রফিকুল আলম এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদনের শুনানি হবে ২২ ডিসেম্বর মঙ্গলবার। আপিল বিভাগের রায়ের ওপরই নির্ভর করছে এ পৌরসভায় মেয়র পদে নির্বাচন হবে কি না।