ছেংগারচরে বিএনপির প্রার্থীর প্রার্থিতা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বহাল রেখেছেন উচ্চ আদালত। গতকাল রোববার আদালত এ-সংক্রান্ত আদেশ দেন।

সারোয়ারুল আবেদীন বলেন, ‘৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ ও আয়কর রিটার্ন জমা দিইনি বলে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আমি জেলা প্রশাসকের কাছে আপিল করেও সুবিচার পাইনি। সর্বশেষ হাইকোর্টে আপিল করলে আমার মনোনয়নপত্র বহাল রাখা হয়।’

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। হাইকোর্টের রায়ের কপি নিয়ে এলে অবশ্যই তিনি নির্বাচনের জন্য প্রতীক পাবেন।’

ছেংগারচরে ২৬ হাজার ১৭৭ জন ভোটার রয়েছেন। এখানে মেয়র পদে এখন দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপর প্রার্থী হলেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান মেয়র রফিকুল আলম।