ছেংগারচরে মেয়র নির্বাচন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট হচ্ছে না। সুপ্রিম কোর্টে চেম্বার আদালতে গতকাল মঙ্গলবার এক শুনানির পর এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ পৌরসভার মেয়র পদে বিএনপি প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের একটি আদেশের ওপর ছয় সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন।
সারোয়ারুল আবেদীনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে সারোয়ারুল আবেদীনের এবারের নির্বাচনে অংশ নেওয়ার আর সুযোগ থাকল না।
আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে মেয়র প্রার্থী রফিকুল আলম প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের ফলে এখানে আর কোনো প্রার্থী রইল না। এখন নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেকমত আলী প্রথম আলোকে বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টি শুনেছি। তবে এখনো সুপ্রিম কোর্ট বা নির্বাচন কমিশন থেকে লিখিত আদেশ পাইনি। আদেশ পাওয়ার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
আইনজীবী ও নির্বাচন-সংশ্লিষ্টরা বলছেন, ছেংগারচরে মেয়র পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে আর বাধা রইল না। আদালত ছয় সপ্তাহের যে স্থগিতাদেশ দিয়েছেন, তার মধ্যেই গেজেট হয়ে যাবে। এরপর যদি সারোয়ারুল আবেদীন মামলাটি চালিয়ে যান সেটা চলবে।
এর আগে গত ৫ ডিসেম্বর ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করেন। ওই আদেশের বিরুদ্ধে তিনি আদালতে যান।