ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক বৃদ্ধার ওপর নির্যাতন চালানোর অভিযোগে তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, অভিযুক্তরা হলেন: বৃদ্ধার ছেলে আশরাফ উদ্দিন (৩৮), পুত্রবধূ দিলওয়ারা বেগম (৩২) ও নাতি আজহার উদ্দিন (১৮)। তাঁরা নগরের চকবাজার কাপাসগোলা সড়কের একটি বাড়িতে বসবাস করেন।আদালত সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর আশরাফ তাঁর স্ত্রী দিলওয়ারার সঙ্গে ঝগড়া করার সময় বৃদ্ধ মা ঝগড়া থামাতে আসেন। একপর্যায়ে আশরাফ ও তাঁর স্ত্রী বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করে বাসা থেকে তাড়িয়ে দেন। এর দুই সপ্তাহ পর ৩০ ডিসেম্বর আশরাফের মায়ের নগদ ৬০ হাজার টাকা ও পাঁচ ভরি গয়না লুট করেন দিলওয়ারা ও আজহার। এগুলো চাইতে গিয়ে উল্টো নির্যাতনের শিকার হন বৃদ্ধা। গতকাল মঙ্গলবার এ ঘটনায় তিনি হাকিম আদালতে মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।