ছেলে আসামি বাড়িতে অভিযান আতঙ্কে বাবার মৃত্যু!
ফেনীতে নাশকতা মামলার পলাতক এক আসামির বাড়িতে যৌথ বাহিনীর অভিযানের পর আতঙ্কে ওই আসামির বাবার মৃত্যু হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। নিহত মো. মফিজুর রহমান (৬৫) সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর গ্রামের ছাত্রদলের কর্মী আরিফুর রহমানের বাবা।
পুলিশ জানায়, আরিফের বিরুদ্ধে গত দুই মাসে নাশকতার একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শর্শদী ইউনিয়নে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর চাচার বাড়িতে খড়ের গাদায় অগ্নিসংযোগের মামলাও রয়েছে।
নাম না প্রকাশের শর্তে আরিফুর রহমানের স্বজনেরা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরে যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর রাতে যৌথ বাহিনীর সদস্যরা দেবীপুর গ্রামে অভিযান চালান। তাঁরা আরিফের খোঁজে তাঁদের বাড়িতেও যান। কিন্তু আরিফকে না পেয়ে তাঁর বাবাকে গ্রেপ্তারের হুমকি দেন। ঘুম থেকে উঠেই গ্রেপ্তারের হুমকি শুনে তিনি অচেতন হয়ে পড়েন। পুলিশ চলে যাওয়ার পর অচেতন অবস্থায় মফিজুর রহমানকে ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে স্ট্রোক করা এক রোগী আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করলে স্বজনেরা লাশ নিয়ে যান। তাঁর নাম-ঠিকানা ও পরিচয় হাসপাতালের রেজিস্টারে লেখা হয়নি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, নাশকতার ঘটনায় করা মামলার পলাতক আসামি ধরতে পুলিশ প্রতি রাতেই অভিযান চালায়। পুলিশ বা যৌথ বাহিনীর অভিযানে অহেতুক কাউকে হয়রানি বা হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। স্ট্রোক করে কেউ মারা গেছেন, এমন তথ্যও ফেনীর পুলিশের জানা নেই।