ছেলে ও জামাতা গ্রেপ্তার, রিমাণ্ড চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে রওশনারা বেগম (৫৫) নামের এক বিধবাকে কুপিয়ে হত্যার অভিযোগে পুলিশ ওই বিধবার একমাত্র ছেলে আবদুর রশিদ (৩০) ও মেয়ের স্বামী আবু সাঈদকে (৩০) গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই দুজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল গত বুধবার রাতে এসে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
উপজেলার কালিয়া ইউনিয়নের ছোট চওনা গ্রামের পাইনার বাইদ এলাকার নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ওই বিধবার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রওশনারা বেগম ওই গ্রামের মৃত আবদুল আলীর স্ত্রী। এ ঘটনায় আগের দিন বুধবার দুপুরে রওশনারার চাচাতো ভাই আবদুল লতিফ সিকদার বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ছেলে ও মেয়ের জামাইকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে বিধবার একমাত্র মেয়ে ও গ্রেপ্তার হওয়া আবু সাঈদের স্ত্রী রোমেছা গতকাল দাবি করেন, তাঁর ভাই ও স্বামী সম্পূর্ণ নির্দোষ। তিনি অভিযোগ করেন, ‘আমার মা খুন হয়েছেন। অথচ পুলিশ আমাকে বাদী না বানিয়ে আমার অচেনা এক চাচাতো মামাকে ধরে এনে বাদী করেছে। ওই মামার ইচ্ছেমতো পুলিশ সব করছে।’
আবদুল লতিফ সিকদার বলেন, ‘আমার বোন খুন হওয়ার পর নানা সূত্রে জানতে পারি, তাঁর ছেলে ও মেয়েজামাই সন্দেহের তালিকায় রয়েছে। সে ক্ষেত্রে বিধবার মেয়েকে বাদী করা হলে প্রকৃত খুনিদের শনাক্ত করা যাবে না।’
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুই সন্তানের মা রওশনারা বেগম এক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন। একমাত্র ছেলে আবদুর রশিদ ১৫ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। মেয়েও বিয়ের পর আলাদা থাকতেন। গত মঙ্গলবার ঘরের দরজা সারা দিন তালাবদ্ধ দেখে প্রতিবেশীরা রওশনারার খোঁজে রাত নয়টার দিকে তাঁর মুঠোফোনে ফোন করলে ঘরের ভেতর সেটি বেজে ওঠে। এ সময় প্রতিবেশীরা তালাবদ্ধ দরজার ফাঁক দিয়ে টর্চলাইটের আলো ফেলে রক্তাক্ত অবস্থায় রওশনারাকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর আশরাফ বলেন, ‘সন্দেহভাজন হিসেবে ছেলে ও মেয়ের স্বামীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশা করছি, দুই-একদিনের মধ্যেই প্রকৃত খুনি শনাক্ত করা সম্ভব হবে।’