ছেলে কারাগারে মা-বাবা ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক মাস আগে বাড়ি ছেড়েছিলেন মা-বাবা। শেষমেশ তাঁরা ছেলের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ গতকাল শনিবার ওই ব্যক্তিকে আটক করে ও তাঁর মা-বাবাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
রাজশাহীর বাগমারার বীরকয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইনুল হক বলেন, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের বাসিন্দা শমসের আলী ও জোবেদা বিবি। তাঁদের ছেলে লালু হোসেন (৩৪) দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনকে বিভিন্নভাবে নির্যাতন করছিলেন। এক মাস আগে লালু তাঁর মা-বাবাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। নিরুপায় হয়ে শমসের ও জোবেদা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এক মাস সেখানে ছিলেন।
এই বিষয়ে তাঁরা থানায় অভিযোগ করলে গতকাল সকালে পুলিশ বাড়ি থেকে লালুকে আটক করে। পরে সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের সামনে তাঁকে হাজির করা হয়। সেখানে নিজের অপরাধ স্বীকার করলে আদালতের বিচারক ইউএ্ওন নাছরিন আক্তার তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পুলিশ শমসের ও জোবেদাকে তাঁদের নিজ বাড়িতে পৌঁছে দেয়।
শমসের বলেন, লালু বিভিন্ন সময় টাকাপয়সা চাইত। চাহিদামতো টাকা না দিলে তাঁদের নির্যাতন করা হতো। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সপ্তাহ খানেক আগে লালুর স্ত্রীও তাঁর বাবার বাড়িতে চলে গেছেন।