ছেলে গুম, শোকে চলে গেলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শনিবার সারা দিন টেলিভিশনে গুম প্রতিরোধ দিবসের খবর দেখে ছেলের জন্য হু হু করে কেঁদেছেন। পরিবারের কেউ তাঁর এই কান্না থামাতে পারেননি। ভোর চারটার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। পুত্রশোকেই তাঁর মৃত্যু হয়েছে।’
কুমিল্লার লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক এভাবেই এ প্রতিবেদককে তাঁর বাবার মৃত্যুর সংবাদ দেন। গতকাল রোববার ভোর চারটায় লাকসামের ফতেহপুরের নিজ বাড়িতে মারা যান বিএনপির ‘নিখোঁজ’ নেতা হুমায়ুন কবিরের বাবা ও র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী মো. রংগু মিয়া (৭৮)। পরিবারের সদস্যরা জানান, বড় ছেলে দীর্ঘদিন ধরে ‘নিখোঁজ’ থাকায় তিনি হতাশায় ছিলেন।
পরিবারের সদস্যরা দাবি করেন, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত নয়টা থেকে ১১টার মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকায় অ্যাম্বুলেন্স থামিয়ে হুমায়ুন কবির পারভেজ এবং লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম ওরফে হিরুকে গুম করেন র্যাবের একদল সদস্য। এর পর থেকেই তাঁরা নিখোঁজ রয়েছেন।
চলতি বছরের ১৮ মে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা নার্গিসের আদালতে রংগু মিয়া র্যাব-১১-এর চার কর্মকর্তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি ধারায় মামলা করেন। মামলায় র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, কুমিল্লার অধিনায়ক শাহেদ হাসান রাজী, র্যাবের ডিএডি কাজী সুলতান আহমেদ ও উপপরিদর্শক (এসআই) অসিত কুমার রায়কে আসামি করা হয়। আদালত লাকসাম থানার পুলিশকে তদন্ত করে মামলার প্রতিবেদন দিতে বললেও এখনো তা দেওয়া হয়নি।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে বলেন, ‘মামলার বাদী রংগু মিয়া মারা গেছেন। তাঁর দায়ের করা মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রতিবেদন জমা দেব।’