ছেলে ছাড়া প্রাণভিক্ষার সিদ্ধান্তে 'না' মীর কাসেমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর কাসেম আলী
মীর কাসেম আলী

ছেলেকে ছাড়া মীর কাসেম আলী প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত দেবেন না বলে জানিয়েছে তাঁর পরিবার। গত ৯ আগস্ট তাঁর আইনজীবী ছেলেকে মিরপুরের বাসা থেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ তাঁদের। কারা কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে কোনো মতামত দেননি। এ বিষয়ে চিন্তা করার জন্য সময় চেয়েছেন তিনি। অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে যৌক্তিক সময় দেওয়া হচ্ছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী দেশের সর্বোচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দিলে কাসেম আলীর বিচারপ্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন। প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে সিদ্ধান্ত জানালে অথবা তা নাকচ হয়ে গেলে যেকোনো সময়ই তাঁর ফাঁসি হতে পারে।
কারা কর্মকর্তারা জানিয়েছেন, কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার রায়ের কপি গত মঙ্গলবার গভীর রাতে কাশিমপুর কারাগারে পৌঁছায়। এরপর গতকাল সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে তা পড়ে শোনানো হয়েছে। এ সময় তাঁকে চিন্তিত দেখাচ্ছিল। কারা অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, কাশিমপুর কারাগারেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত রয়েছে বলে তাঁরা জানেন। সে অনুযায়ী কিছু প্রস্তুতিও নেওয়া হচ্ছে। কারাগারসহ আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল মাগুরার শ্রীপুরে এক সমাবেশে বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে।
গতকাল বিকেলে মীর কাসেম আলীর পরিবারের ১০ সদস্য তাঁর সঙ্গে দেখা করেছেন। স্বজনদের মধ্যে ছিলেন মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, দুই মেয়ে তাসনীম ও সুমাইয়া, পুত্রবধূ শাহেদা আহমিদা আক্তার ও তাহমিনা আক্তার, ভাতিজা হাসান জামান খানসহ পরিবারের চার শিশু। স্বজনেরা বেলা আড়াইটার দিকে কারাগারে ঢুকে বিকেল পৌনে চারটার দিকে বের হন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন বলেন, গত ৯ আগস্ট সাদাপোশাকধারী লোকজন তাঁদের ছেলে ব্যারিস্টার আহম্মেদ বিন কাসেমকে মিরপুরের বাসা থেকে ধরে নিয়ে যায়। আহম্মেদ বিন কাসেম তাঁর বাবার মামলার আইনজীবীও। পারিবারিক যেকোনো সিদ্ধান্তে পরামর্শের জন্য পরিবারের লোক হিসেবে তাঁকে প্রয়োজন। ছেলেকে ছাড়া রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত মীর কাসেম আলী এখন দেবেন না। তাঁর পরিবারও এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে না।
চলতি মাসে মীর কাসেম আলীর ছেলেসহ মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া বিএনপি ও জামায়াতের তিন নেতার ছেলেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। অন্য দুজন হলেন আমৃত্যু কারাভোগের সময় মারা যাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ও ফাঁসির দণ্ড পাওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
এই তিনজনের নিখোঁজের বিষয়ে গতকাল পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, ‘যে তিনজনের কথা বললেন, এখানে যদি কেউ মিসিং হয়ে থাকে, সংশ্লিষ্ট থানায় যদি অভিযোগ পাওয়া যায়, আমরা শতভাগ চেষ্টা করব তাদের খুঁজে বের করে আনার জন্য। এটা পুলিশের দায়িত্ব।’
আর গতকাল বিকেলে কারা অধিদপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ে আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, জামায়াতের নেতা মীর কাসেম আলী প্রাণভিক্ষার আবেদনের ব্যাপারে কোনো মতামত দেননি। আবেদন করবেন কি না, সে ব্যাপারে চিন্তা করার জন্য সময় চেয়েছেন তিনি। অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে যৌক্তিক সময় দেওয়া হচ্ছে।
এই যৌক্তিক সময় কত দিন, জানতে চাওয়া হলে আইজি প্রিজন বলেন, ‘একটা যৌক্তিক সময়ই আমরা দিয়েছি। সকাল সাড়ে সাতটায় তাঁকে রায় পড়ে শোনানো হয়েছে।’
প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে ফাঁসি কোথায় হবে, তা সময় বিবেচনা ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করে আইজি প্রিজন বলেন, ফাঁসি যেখানেই কার্যকর হোক না কেন, সে প্রস্তুতি তাঁদের আছে। মীর কাসেম আলী সুস্থ আছেন। জেল কোড অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সাধারণত ফাঁসি কার্যকরের আগে আসামিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। সে কারণে গতকাল তাঁর পরিবারের সদস্যরা দেখা করতে গিয়েছিলেন কি না জানতে চাইলে আইজি প্রিজন বলেন, তাঁর পরিবারের সদস্যরা নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে আজ কাশিমপুর কারাগারে দেখা করতে চেয়েছিলেন। সেই অনুযায়ী তাঁরা দেখা করেছেন। রিভিউয়ের পর তাঁর আইনজীবীদের আর দেখা করার সুযোগ নেই।
এর আগে গত মঙ্গলবার রাত পৌনে একটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে রিভিউ আবেদনের রায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যায়। ট্রাইব্যুনালের চার সদস্যের একটি প্রতিনিধিদল কঠোর নিরাপত্তায় লাল কাপড়ে মোড়ানো রিভিউ আবেদন খারিজ-সংক্রান্ত রায়ের কাগজ কাশিমপুর-২ কারাগারে পৌঁছে দেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর তত্ত্বাবধায়ক (জেল সুপার) প্রশান্ত কুমার বণিক জানান, রায় পৌঁছানোর পরে সকাল সাড়ে সাতটার দিকে মীর কাসেম আলীকে তা পড়ে শোনানো হয়। আনুষ্ঠানিকভাবে রায় পড়ে শোনানোর সময় তাঁকে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। চোখে-মুখে উদ্বেগের চিহ্ন দেখা গেছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না জানতে চাইলে মীর কাসেম আলী কর্মকর্তাদের কাছে সময় চান। তাঁর এ সময় চাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ গতকাল দুপুরে কারাগার এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কারাগারসহ আশপাশের এলাকায় পুলিশের সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ সার্বক্ষণিক সতর্ক রয়েছে।
গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকেই এ কারাগারে রয়েছেন মীর কাসেম আলী। ২০১৪ সালের আগে এ কারাগারে হাজতবাসের সময় তিনি ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় ছিলেন। ফাঁসির দণ্ড পাওয়ার পর তাঁকে কনডেম সেলে পাঠানো হয়। এখনো তিনি এ সেলেই রয়েছেন।
কারা অধিদপ্তরের একটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রিভিউ আবেদন খারিজের পরপরই কাশিমপুর কারাগারে ৬৩ বছর বয়সী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রস্তুতির কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে।
হরতালে জীবনযাত্রা স্বাভাবিক: রাজধানীতে গতকাল জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রভাব পড়েনি। সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলাচল করে। রেল, বিমান ও নদীপথে লঞ্চ যোগাযোগও স্বাভাবিক ছিল। কর্মসূচি পালনে বিক্ষিপ্ত কিছু ঝটিকা মিছিল ছাড়া রাস্তায় দেখা যায়নি নেতা-কর্মীদের।
গতকাল এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান হরতাল কর্মসূচিতে বাধাদান এবং বিভিন্ন স্থান থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেছেন।