ছেলে জেলহাজতে, মেয়ে নিজের জিম্মায় মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি সংখ্যালঘু পরিবারের স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলার আসামি সোহেল মোল্যাকে গত রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। তবে সোহেলের বিরুদ্ধে যে মেয়েটিকে অপহরণ করার অভিযোগ আনা হয়েছে, সে আদালতকে বলেছে, তাকে অপহরণ করা হয়নি। সে স্বেচ্ছায় সোহেলের সঙ্গে বাড়ি ছেড়েছিল। আদালত তাকে নিজের জিম্মায় মুক্তি দিয়েছেন।আসামি সোহেল মোল্যা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ফরিদপুরের চার নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হাসান আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।নদীয়াবাজার গ্রামের বাসিন্দা সোহেলের বিরুদ্ধে মধুখালী থানায় গত ৭ সেপ্টেম্বর মামলাটি করেছিলেন একই উপজেলার শ্রীপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, গত শনিবার ভোরে ফরিদপুরের সালথা উপজেলার বাংরাইল গ্রামের একটি বাড়ি থেকে সোহেলের বাবা আবদুর রহমান ও সোহেলের ফুফা মুন্সি আবদুর রহমানকে আটক করা হয়। এরপর রোববার সকালে মেয়েটিকে নিয়ে সোহেল আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন।