পুত্রসন্তান জন্ম নেওয়ার দেড় ঘণ্টার মাথায় ‘বাচ্চা মারা গেছে’ উল্লেখ করে অভিভাবককে কন্যা নবজাতকের লাশ ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিষয়টি জানাজানি হয়।প্রসূতি চুমকি শীলের স্বামী শ্রীদুল আচার্য এ বিষয়ে লিখিতভাবে হাসপাতালের পরিচালকের কাছে অভিযোগ করেছেন। আজ রোববার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।হাসপাতালের উপপরিচালক সরোজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘এক রোগীর অভিভাবক আজ (শনিবার) এ রকম একটি লিখিত অভিযোগ করেছেন। আমার মনে হচ্ছে, কোথাও একটা ভুল হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আগামীকাল (আজ) বসব।’অভিযোগ সূত্রে জানা গেছে, চন্দনাইশের দক্ষিণ কাঞ্চননগর এলাকার শ্রীদুল আচার্যের স্ত্রী গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ৩৩ নম্বর প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিন রাত দেড়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি সন্তান প্রসব করেন। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন তসলিমা ও রোকসানা। দুইটার দিকে নবজাতকটিকে মুমূর্ষু অবস্থায় নিউনেটাল ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।এ প্রসঙ্গে শ্রীদুলের মা অঞ্জু আচার্য বলেন, ‘রাত আড়াইটার দিকে দুই সেবিকা আমাকে ডেকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। পরে একটি মৃত কন্যাসন্তান আমাদের হাতে তুলে দেওয়া হয়।’শ্রীদুল জানান, শনিবার সকালে রোগীর ফাইল ঘেঁটে দেখতে পান, সেখানে আড়াই কেজি ওজনের একটি পুত্রসন্তান প্রসবের কথা লেখা রয়েছে। এরপর হাসপাতালের চিকিৎসকেরা ভুল হয়ে গেছে বলে তাঁর কাছে ক্ষমা চান। এরপর রোগীর ফাইলটিও সেবিকারা তাঁদের কক্ষে নিয়ে গেছেন বলে জানান।শ্রীদুল বলেন, ‘আমার আশঙ্কা, ওঁরা আমার ছেলেকে চুরি করে মৃত মেয়ে বাচ্চা ধরিয়ে দিয়েছেন।’এ বিষয়ে ৩৩ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকেরা কোনো ধরনের মন্তব্য করতে চাননি। বর্তমানে ১৭ নম্বর ওয়ার্ডে চুমকি শীল চিকিৎসাধীন। এই ঘটনায় তিনি ভেঙে পড়েছেন।