ছেলে নিখোঁজ, জিডি করতে গিয়ে বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ পরিচয়ে সাদা পোশাকের সশস্ত্র কয়েকজন ব্যক্তি পাঁচ দিন আগে ধরে নিয়ে যান মোস্তাফিজুর রহমানকে (৩৫)। নিখোঁজ ছেলের সন্ধান পেতে বাবা আলতাফ হোসেন (৮৫) কয়েক দিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

একপর্যায়ে বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে উল্টো তাঁকে আটক করা হয়। পুলিশ বলেছে, তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আলতাফের বাড়ি কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে।১৯ মে মোস্তাফিজুর রহমানকে ধরে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের বাসিন্দা উজ্জ্বল হোসেনসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উজ্জ্বল জানান, পুলিশ পরিচয় দেওয়া ওই চার ব্যক্তি সশস্ত্র অবস্থায় ছিলেন। তাঁরা মোস্তাফিজুরকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যান।আলতাফের আরেক ছেলে আতিয়ার রহমান জানান, মোস্তাফিজুরের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা ছিল। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। ১৯ মে বেলা আড়াইটার দিকে তিনি মাঠে কাজ করছিলেন। মাঠ থেকে পুলিশ তাঁর ভাইকে ধরে নিয়ে যাচ্ছে শুনে তিনি বাড়ি থেকে দ্রুত ঘটনাস্থলে যান। তবে তিনি যাওয়ার আগেই তাঁকে নিয়ে যাওয়া হয়। আতিয়ার আরও জানান, এর পর থেকে তাঁরা মোস্তাফিজুরের খোঁজে পুলিশের বিভিন্ন দপ্তরে যান। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা তাঁর ভাইকে আটক করেনি।মোস্তাফিজুরের কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বিকেলে তাঁদের বাবা আলতাফ জিডি করতে কোটচাঁদপুর থানায় গেলে পুলিশ তাঁকে আটক করে। ওই থানার ওসি শাহিনুর রহমান বলেন, মোস্তাফিজুরকে তাঁরা আটক করেননি। তাঁর বিষয়ে তাঁরা কিছু বলতে পারেন না। আলতাফের বিরুদ্ধে আগে থেকেই তাঁদের সন্দেহ ছিল। গত ২৮ এপ্রিল একদল সন্ত্রাসী পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত না হলেও সন্দেহের তালিকায় ছিলেন আলতাফ। তাই তাঁকে আটক করা হয়েছে।