ছেলে ফেল, মা পাস!
মা জোবাইদা খানম, ছেলে ইমরান খান। দুজনই এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মা জিপিএ-৩.২০ পেয়ে পাস করেছেন। ছেলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঢাকালেপাড়া এলাকার বাসিন্দা জোবাইদা খানম (৫০)। স্বামী ফকর উদ্দিন পেশায় গাড়িচালক। দুই ছেলে আর এক মেয়ের জননী জোবাইদা কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর।
জোবাইদা খানম জানান, কাউন্সিলর হিসেবে দেশ ও জনগণের জন্য কাজ করতে গিয়ে বুঝেছেন, শিক্ষার কত গুরুত্ব। লেখাপড়া ঠিকমতো না জানায় অনেক জায়গায় তাঁকে পিছিয়ে থাকতে হয়েছে। তাই ২০০৬ সালে নতুন করে পড়াশোনা শুরু করতে ভর্তি হন স্থানীয় শোয়াইবনগর দাখিল মাদ্রাসায়। ২০০৮ সালে দাখিল পরীক্ষায় অংশ নিতে চাইলেও বয়সের কারণ দেখিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর প্রবেশপত্র আটকে দেয়। জোবাইদা জানান, পরে তিনি ২০০৯ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হন। ২০১১ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে জিপিএ-৩.৪৫ পান। ওই বছর তাঁর ছোট ছেলে ইমরানও পাস করে। দুজনই ভর্তি হন কালীগঞ্জের শহীদ নূর আলী কলেজে। তিনি পড়েন মানবিক বিভাগে, ছেলে বাণিজ্য বিভাগে।
ছেলেও পাস করবে, সে ব্যাপারে নিশ্চিত জোবাইদা। জানালেন, ছেলেকে একটি বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে। ওই বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জানানো হবে।
শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার জানান, মা-ছেলে দুজনই ভালো শিক্ষার্থী। ছেলের খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হবে।