ছেলে বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে গুরুতর অসুস্থ অবস্থায় তিন দিন পড়ে ছিলেন ৬৫ বছর বয়সী এক নারী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ওই নারীর নাম টগর রানি সাহা। তাঁর ভাষ্য, তাঁর বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায়। তাঁর ছেলে দেবাশীষ সাহা তাঁকে ওই স্থানে ফেলে রেখে গেছেন।

টগর রানিকে পুলিশ উদ্ধার করার আগে আজ বেলা ১১টার দিকে ওই এলাকায় সরেজমিনে দেখা গেছে, নান্দাইলের চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামে নান্দাইল-আঠারোবাড়ি সড়কের পাশে পড়ে রয়েছেন গুরুতর অসুস্থ ওই নারী। তাঁর বাঁ পায়ের পাতায় ক্ষতের সৃষ্টি হয়েছে। আঙুলের হাড় বেরিয়ে এসেছে। ক্ষত হয়ে খুবই খারাপ অবস্থা। মুখগহ্বরে ঘা হওয়ায় শক্ত খাবার খেতে পারছেন না তিনি। গ্রামের লোকজন তাঁকে তরল খাবার খাওয়াচ্ছেন। ওই নারীকে সেবা দেওয়া সমলা নামের এক নারীর ভাষ্য, তিনি ওই নারীকে স্যাভলন দিয়ে গোসল করিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে দিয়েছেন।

বাঁশহাটি গ্রামের রফিকুল ইসলাম (৩৮) বলেন, সম্ভবত গত সোমবার সকালে টগর রানিকে ওই স্থানে ফেলে যাওয়া হয়। ওই দিন সকালে ওই স্থানটি অতিক্রম করার সময় তিনি তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে একই গ্রামের দুই নারী এসে সেবা-যত্ন করলে তাঁর চেতনা ফেরে। গ্রামের লোকজন চাটাইয়ের ওপর চটের বস্তা পেতে তাঁর শয্যার ব্যবস্থা করেন এবং রোদ ঠেকাতে বাঁশের খুঁটি পুঁতে চাদর টানিয়ে দেন। এভাবেই সড়কের পাশে তিন দিন কাটান ওই নারী।

এলাকাবাসীর ভাষ্য, ওই নারী জানিয়েছেন যে তাঁর স্বামীর নাম নিতাই চন্দ্র সাহা। স্বামীর বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় আর বাবার বাড়ি কিশোরগঞ্জের হিলচিয়া গ্রামে। তাঁর ছেলে দেবাশীষ সাহা তাঁকে সড়কের পাশে রেখে গেছেন। তবে তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ করতে চান না। তিনি চান না তাঁর ছেলে কোনো সমস্যার মধ্যে পড়ুক।

স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ আজ দুপুরে গিয়ে টগর রানিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘আগে খবর পেলে আমরা আগেই তাঁকে উদ্ধার করতাম। ওই নারীর ঠিকানার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাজুল ইসলাম খান বলেন, টগর রানির ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। দু-তিন দিন এখানে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।