ছেলে মেয়র, মা কাউন্সিলর প্রার্থী
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে একই পরিবার থেকে মা ও ছেলে দুই পদে প্রার্থী হয়েছেন। গতকাল শনিবার মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সময় বিষয়টি জানাজানি হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন জুলেখা খাতুন। একই দিন মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মো. দেলোয়ার হোসেন।
আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ন-সম্পাদক। আর মা জুলেখা খাতুন আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিতি। গতকাল যাচাই-বাছাই শেষে উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।
মুঠোফোনে যোগাযোগ করলে জুলেখা বলেন, ১৯৯৭ সালে তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার মনোনীত কমিশনার ছিলেন। গত পৌর নির্বাচনে কাউন্সিলর (সংরক্ষিত) নির্বাচিত হন। মেয়র পদে তাঁর ছেলের জয়লাভ করার সম্ভাবনা নেই। আর জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের জন্যে কাজ করেছেন বলে তাঁর নিজের জেতার সম্ভাবনা রয়েছে। নির্বাচন করবেন বলেই তিনি তাঁর বাবার বাড়িতে অবস্থান করছেন।
তবে দেলোয়ার হোসেন বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্যে মাকে তিনি রাজি করানোর চেষ্টা করবেন। তবে তিনি নির্বাচন থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না।