ছেলে সহসভাপতি, সাংসদ সদস্য
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে এই প্রথমবারের মতো সদস্য পদ পেয়েছেন দুবারের নির্বাচিত সাংসদ হাবিবর রহমান। কমিটির একজন সদস্য মারা যাওয়ায় পদটি শূন্য হয়। এ ছাড়া সাংসদের ছেলেকে কমিটির সহসভাপতি করা হয়েছে।
গত শনিবার দুপুরে দলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলা কমিটি এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছে।
দলীয় সূত্র জানায়, বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে প্রথম দফায় ২০০৮ সালে ও দ্বিতীয় দফায় ২০১৪ সালে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন তিনি। সাবেক পুলিশ সুপার হাবিবর রহমান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তার দায়িত্ব পালন করেন। পরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপরই তিনি ধুনটে এসে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। তবে এত দিন পর্যন্ত তাঁর দলীয় কোনো সদস্য পদ ছিল না।
গত শনিবার দুপুরে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সব সদস্যের এক বিশেষ বর্ধিত সভা হয়। সভায় নেতা-কর্মীদের সিদ্ধান্তে হাবিবর রহমানকে ১ নম্বর সদস্য পদ দেওয়া হয়। একজন সদস্য মারা যাওয়ায় পদটি শূন্য ছিল।
এ ছাড়া গত ১৯ ফেব্রুয়ারির উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা ও শফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদুল হক নির্বাচনে অংশ নেন। এ ঘটনায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়। ফলে এই শূন্য পদে সাংসদের ছেলে আসিফ ইকবালকে সহসভাপতি করা হয়েছে।
সাংসদ হাবিবর রহমান বলেন, ‘আমি অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। চাকরির কারণে সদস্য পদ নেওয়া হয়নি। আওয়ামী লীগ থেকে দুবার সাংসদ হওয়ায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। এ কারণেই তাঁরা আমাদের ভালোবাসার মূল্য হিসেবে সংগঠনের পদ দিয়ে সমঞ্চানিত করেছেন।’
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেলা কমিটির অনুমতি ছাড়াই বর্ধিত সভা করেছেন। সেখানে তাঁরা কাকে কীভাবে সদস্য পদে মনোনীত করেছেন, তা আমার জানা নেই।’