ছেলে সিরিয়ায় আইএসে বাবা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে আইএসে (ইসলামিক স্টেট) যোগ দিয়ে সিরিয়া গেছেন—এই অভিযোগে আবুল হাসনাত (৬৭) নামের এক ব্যক্তিকে এক দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ঢাকায় নাশকতা করার জন্য সংগঠিত হওয়ার অভিযোগে আরও তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁরা হলেন নাহিদউদ্দোজা মিয়া (৩০), নাহিদুল ইসলাম (১৯) ও তাজুল ইসলাম (২৫)।
এই চারজনকে গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক জহির হোসেন। আদালত আবুল হাসনাতের এক দিনের ও অন্যদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে ডিবির দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আবুল হাসনাত জানান, তাঁর ছেলে সাইফুল হক (সুজন) আইএসে যোগ দিয়েছেন। তিনি বর্তমানে সিরিয়ায় অবস্থান করছেন। তাঁর আরেক ছেলে আতাউল হক (সবুজ) বিদেশে আছেন। জঙ্গি অর্থায়নের জন্য দেশে টাকা পাঠিয়েছেন।
আবেদনে আরও বলা হয়, আসামিদের কাছ থেকে ৩৮ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঢাকা শহরে বড় ধরনের নাশকতার জন্য আসামিরা সংগঠিত হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, তাঁদের কাছ থেকে উদ্ধার করা টাকা বিদেশ থেকে আতাউল হক জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য পাঠিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে জঙ্গি সংগঠনের সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য সংগ্রহ ও পলাতক জঙ্গিদের গ্রেপ্তার করার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার নথিপত্র অনুযায়ী, ৮ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে আবুল হাসনাতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়চিয়া মুন্সিবাড়ি গ্রামে। নাহিদউদ্দোজার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেব গ্রামে। নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সৈয়দবাড়ি গ্রামে। আর তাজুল ইসলামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলার হাজি ইসমাইল রোড এলাকায়।
এঁরা কোন জঙ্গি সংগঠনের সদস্য, সে ব্যাপারে মামলার নথিপত্রে স্পষ্ট করে কিছু বলা হয়নি।