‘আমার ছেলে কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল। ওই যাওয়াই যে ওর শেষ যাওয়া, তা একবারের জন্যও মনে হয়নি। জায়গা নিয়ে কামড়াকামড়ি ওদের, আর লাশ হতে হলো আমার ছেলেকে। আমি এর বিচার চাই। মুক্তিযোদ্ধারা যদি জায়গা নিয়ে ঝগড়া বাধিয়ে মায়ের বুক খালি করে, তাহলে যুদ্ধ করেছেন কী জন্য?’ গুলিতে নিহত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হাবিবুর রহমান ওরফে শুভর মা নাজমা আক্তারের এ প্রশ্নের কোনো জবাবই নেই সান্ত্বনা দিতে আসা স্বজনদের কাছে। নাজমা আক্তার বার বার বিলাপ করছেন। আর মূর্ছা যাচ্ছেন। ক্ষণে ক্ষণে তিনি অজ্ঞান হয়ে পড়ছেন।গতকাল সোমবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের কনেশতলা গ্রামে গিয়ে ওই দৃশ্য দেখা গেছে। নাজমা আক্তার তাঁর ছেলে হত্যার বিচার দাবি করেছেন। গত রোববার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা শহরের ধর্মসাগরপাড় এলাকায় নাজমা আক্তারের ছোট ছেলে হাবিবুর রহমান দুই মুক্তিযোদ্ধার সরকারি লিজের জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এদিকে কলেজছাত্র হাবিবুর রহমান শুভ হত্যা মামলার তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মামলার তিন আসামি বাহাউদ্দিন রেজা বীর প্রতীক, তাঁর সহোদর হারুন রেজা ও বাহাউদ্দিন রেজার ছেলে বিশাল ঘটনার পর কুমিল্লাছাড়া। তাঁরা ঢাকায় অবস্থান করায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারছে না বলে জানিয়েছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ। ওসি জানান, বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। মুক্তিযোদ্ধাদের বৈঠক: কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল সোমবার এক বৈঠক হয়। দুপুর সাড়ে ১২টায় নগরের গোয়ালপট্টি কার্যালয়ে সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠকে মুক্তিযোদ্ধারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন আহমেদ। প্রসঙ্গত, গত সোমবার মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন রেজা বীর প্রতীক ও শহীদুল হক সেলিমের সন্তানদের সঙ্গে জায়গা নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কলেজছাত্র হাবিবুর রহমান শুভ নিহত হন।