দেখতে দেখতে কেটে গেছে ১১টি বছর। আজও হয়নি ছেলে হত্যাকারীর বিচার। ২১ আগস্ট গ্রেনেড হামলায় একমাত্র ছেলেকে হারিয়ে কান্না আর হতাশা নিয়ে বেঁচে আছেন মা-বাবা।
পটুয়াখালী দশমিনা উপজেলার আলীপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মামুনের ইচ্ছে ছিল পড়াশোনা করে বড় হবেন। এ আশায় ভর্তি হয়েছিলেন ঢাকার কবি নজরুল ইসলাম কলেজে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শেষ হয়ে যায় সব।
দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন ২১ আগস্ট গিয়েছিলেন ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায়। মঞ্চের খুব কাছেই ছিলেন মামুন। হঠাৎ গ্রেনেড হামলা হলে তাঁর মাথায় স্প্লিন্টার ঢুকে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনেরা ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে তাঁর লাশ শনাক্ত করেন। ২৩ আগস্ট গ্রামের বাড়িতে তাঁর লাশ আনা হয়। মামুন তাঁর চাচা আলী হোসেনের দোকানে খণ্ডকালীন চাকরি এবং টিউশনি করে পড়াশোনার খরচ চালাতেন। ওই টাকা থেকে পরিবারকেও সাহায্য করতেন।
মামুনের বাবা আলীপুর গ্রামের করাতকল শ্রমিক মোতালেব মৃধা বলেন, ‘আমার শেষ ইচ্ছা একটাই, মৃত্যুর আগে যেন ছেলে হত্যার বিচার দেখে যেতে পারি।’ ছেলের মৃত্যুর পর ঢাকা ছেড়ে গ্রামে চলে এসেছেন পরিবারের সবাই।