ছেলে হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের সন্তান নেহাল সাদিককে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা ফাহ​মিদা মীর। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এস​ এম মাসুদ জামান ওই নারীর জবানবন্দি রেকর্ড করে তাঁকে করাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরখান থানার পরিদর্শক আলমগীর হোসেন আসামি ফাহমিদা মীরকে আদালতে হাজির করে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রথম আলোকে বলেন, দেড় বছরের শিশু নেহাল সাদিককে তার মা ধারালো ছুরি দিয়ে হত্যা করেন।

গত ১৮ এপ্রিল রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাসায় দেড় বছরের শিশু নেহাল সাদিক খুন হয়। এ সময় বাসায় থাকা শিশুর মা ফাহমিদাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁর ঘাড়ের বাঁ পাশে কাটা ক্ষত রয়েছে। শিশুর বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, ফাহমিদা তাঁদের একমাত্র সন্তান নেহালকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই সময় সন্তান হত্যার অভিযোগ অস্বীকার করেন ফাহমিদা। তিনি অভিযোগ করেছেন, তাঁর স্বামীর নির্দেশে স্বামীর সহযোগীরা নেহালকে হত্যা করেছে।
এ ঘটনায় পরের দিন মঙ্গলবার রাতে শিশুর বাবা বাদী হয়ে ফাহমিদার বিরুদ্ধে হত্যা মামলা করেন।