ছেলে 'হত্যা'র বিচার চেয়ে পোস্টার সাঁটছেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে হত্যার বিচারের দাবিতে মিরপুরের বাসার ফটকে লাগানো ব্যানারের পাশে বাবা দুলাল খান। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ছেলে হত্যার বিচারের দাবিতে মিরপুরের বাসার ফটকে লাগানো ব্যানারের পাশে বাবা দুলাল খান। গতকাল তোলা ছবি l প্রথম আলো

একমাত্র ছেলে ‘হত্যা’র বিচার না পেয়ে এলাকায় পোস্টার সেঁটে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন মো. দুলাল খান। অভিযোগ আছে, স্থানীয় প্রভাবশালী লোকজনের চাপে তাঁর মাদ্রাসাপড়ুয়া ছেলে হাফিজুর রহমান (৯) হত্যা মামলার আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে।

গত ৩১ জুলাই পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শিশু নির্যাতনের ঘটনাগুলো পুলিশ সুপার বা সমমর্যাদার কর্মকর্তাদের নজরদারি করার নির্দেশ দিয়েছিলেন। দুই সপ্তাহ পরও পুলিশ চার আসামির তিনজনকে গ্রেপ্তার করেনি। মামলার ১ নম্বর আসামি মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাকের কাছ থেকেও হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পায়নি বলে দাবি করেছে পুলিশ। মাদ্রাসা অধ্যক্ষের বিশ্রামকক্ষের পাশের টয়লেটে হাফিজুর মরে পড়ে থাকলেও, হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা জুনায়েদ বিন ইসহাক অস্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফারুকুজ্জামান মল্লিক বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি বলে আসামি ধরা যাচ্ছে না। আসামি গ্রেপ্তার করব, যদি পরে দেখি বাচ্চা সত্যি আত্মহত্যা করেছে, তখন এই লোকগুলার কী হবে?’ পল্লবী থানার ওই উপপরিদর্শক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির দুজনেই বলছেন, মামলায় কোনো অগ্রগতি নেই। আসামি গ্রেপ্তারের জন্য ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার বাধ্যবাধকতা আছে কি না, জানতে চাইলে মিরপুর ডিভিশনের কমিশনার মাসুদ আহাম্মদ বলেন, ‘মৃত্যু হত্যাজনিত কারণে নাকি অন্য কারণে, তা নিয়ে সন্দেহ থাকলে আমরা অপেক্ষা করি। বিচারের স্পিরিট হলো, একজন নির্দোষ ব্যক্তিও যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন।’ শিশুটি যাঁদের তত্ত্বাবধানে ছিল, তাঁদের আইনের আওতায় আনতে বাধা কোথায় জানতে চাইলে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত আসামি ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৭ আগস্ট মিরপুর সাড়ে ১১ নম্বরের বায়তুল আমান মসজিদের পেছনে মারকাযুল তারতীলিল মাদ্রাসার আবাসিক ছাত্র হাফিজুর রহমানের মৃতদেহ উদ্ধার হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, হাফিজুর টয়লেটের ছিটকিনিতে গামছা পেঁচিয়ে ঝুলে ছিল। তিনজন ছাত্র তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে বিছানায় শোয়ায়। অধ্যক্ষের কক্ষসংলগ্ন টয়লেটের ছিটকিনিতে হাফিজুর গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলেছিল।

হাফিজুরের বাবা মো. দুলাল খান পল্লবী থানায় মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাক, তাঁর স্ত্রী সুমাইয়া খাতুন, ভাই ইয়াহিয়া বিন ইসহাক ও শিক্ষক মুস্তাফিজুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। তিনি বলেন, ভোর সাড়ে ছয়টার সময় হাফিজুরকে নির্যাতন করে মাদ্রাসা কর্তৃপক্ষ মেরে ফেলে। পরে আত্মহত্যার নাটক সাজায় তারা।

এলাকায় গিয়ে এবং স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার এক নম্বর আসামি জুনায়েদ বিন ইসহাকের মাদ্রাসাটি বায়তুল আমান মসজিদের পেছনে। পাঁচতলা ভবনের তৃতীয় তলায় তিনি থাকেন। তৃতীয় তলার দুটি কক্ষে ১১টি শিশু ছিল। অন্য কক্ষে তিনি তাঁর স্ত্রী সুমাইয়া খাতুনসহ থাকতেন। জুনায়েদ বিন ইসহাক বায়তুল আমান মসজিদে অস্থায়ী ভিত্তিতে নামাজ পড়াতেন। তাঁর বাবা মো. ইসহাক ওই মসজিদে ৪০ বছর ইমামতি করেছেন।  মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্থানীয় সাংসদ ইলিয়াস হোসেন মোল্লার চাচাতো ভাই হোসেন মোল্লা। কমিটির অন্য সদস্যরাও স্থানীয়ভাবে প্রতিপত্তিশালী। কমিটির একজন সদস্য বলেন, তাঁরা শিশু হত্যার বিচার চান। তবে নিরপরাধ কেউ যেন বিপদে না পড়েন সেটাও চান।

জানতে চাইলে হোসেন মোল্লা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘উনি (অধ্যক্ষ) আমাদের নামাজ পড়ান, তাই আমরা তিন-চারজন থানায় গিয়ে বলেছি ওনাকে যেন একটু দেখে রাখা হয়। আমরা ওনার জন্য খাবার-দাবার নিয়ে গিয়েছিলাম।’    

আসামিদের পক্ষে প্রভাবশালী ব্যক্তিরা কতটা তৎপর বোঝাতে হাফিজুরের স্বজনেরা বলেন, দুলাল খান নিজ উদ্যোগে ছেলের ছবিসহ বেশ কিছু পোস্টার ছেপে মাদ্রাসার আশপাশে সেঁটেছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো কে বা কারা ছিঁড়ে ফেলে দেয়।

নীলক্ষেতের বই বিক্রেতা মো. দুলাল খান মিরপুর ১২ নম্বরে একটি ভবনের নিচতলায় থাকেন। হাফিজুর তাঁর একমাত্র ছেলে। মো. দুলাল খান বলছিলেন, এটা পরিষ্কার, ছেলের মৃত্যুর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী। কেন এমন মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কাছে তিনি আগের রাত ৯টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত সিসি ক্যামেরায় ধারণকৃত একটি ফুটেজ দেখেছেন। ওই ফুটেজে ভোরবেলায় তাড়াহুড়া করে মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাকের স্ত্রী সুমাইয়া খাতুন, বড় ভাই ইয়াহিয়া বিন ইসহাককে পালিয়ে যেতে দেখা যায়। সময়টা ছিল সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে। এরপর পুলিশের সঙ্গে ঘটনাস্থলে মুস্তাফিজকে দেখা যায়। একটু পর তাঁকে আর দেখা যায়নি।

হাফিজুরের বাবা আরও বলেন, তাঁর ছেলের মৃত্যুর পরও মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে কিছু জানায়নি। স্থানীয় এক বাসিন্দা তাঁকে মাদ্রাসায় আসতে বলেন। তিনি বলছিলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে আমি মাদ্রাসায় যাই। গিয়ে দেখি ছেলে বিছানায় শোয়া। গায়ের রং ও ঠোঁট কালো হয়ে গেছে, শরীর শক্ত। মাথার চুল শ্যাম্পু করা। পরে দেখি ছেলের মাথায় রক্ত জমে আছে। পুলিশ আমাকে বলেছে, এমন আরও চারটি আঘাত আছে আমার বাচ্চার মাথায়।’

মো. দুলাল খান বলেন, ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গের এক কর্মী তাঁকে বলেন, ছেলে যেখানে ছিল সেখানকার লোকগুলোর কঠিন শাস্তি হওয়া উচিত। কেন এই কথা বলেছেন, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলেছেন।