ছেলেকে অপহরণের ঘটনায় মামলা, বিপাকে বাবা
ছেলেকে অপহরণের অভিযোগে মামলা করে বিপাকে পড়েছেন ঢাকার সাভারের ভাটপাড়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান। মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতন করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নিখোঁজ ব্যক্তির পরিবারের ভাষ্যমতে, গত ২ এপ্রিল খলিলুর রহমানের ছেলে সোহরাব হোসেনকে (৩২) প্রতিবেশী রিপন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পর সোহরাব, রিপনসহ আরও কয়েকজনকে স্থানীয় বাবর আলীর চায়ের দোকানে চা পান করতে দেখা যায়। এরপর আর বাড়ি ফেরেননি সোহরাব।ঘটনার দুই দিন পর অপহরণের অভিযোগে খলিলুর রহমান সাভার থানায় মামলা করেন। মামলায় রিপন, মোমিন, মোস্তাক মিয়া, লিটন, শাহীনসহ আরও অজ্ঞাতনামা ছয় ব্যক্তিকে আসামি করা হয়।খলিলুর রহমান বলেন, সাত মাসেও পুলিশ তাঁর ছেলেকে উদ্ধার করতে পারেনি। এদিকে আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাঁর ওপর নানাভাবে চাপ প্রয়োগ করে চলেছেন।খলিলুর রহমানের স্ত্রী সাহেরা বেগমের অভিযোগ, মামলা তুলে না নিলে তাঁর একমাত্র মেয়ে নাসিমা আক্তারকে মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছেন আসামিরা। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে আসামি মোমিন ও মোস্তাক তাঁদের বাড়িতে গিয়ে তিনিসহ তাঁর মেয়েকে মারধর করেছেন। এ ব্যাপারে তাঁর মেয়ে সাভার থানায় জিডি করেছে। স্থানীয় ইউসুফ আলীসহ আরও অনেকে বলেন, আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চলেছেন।অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সরদার বলেন, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাঁরা সোহরাবকে অপহরণের কথা অস্বীকার করেছেন। এ কারণে সোহরাবকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মশিউদ্দৌলা বলেন, মামলা তুলে নেওয়ার জন্য খলিলুর রহমানের পরিবারকে মারধরসহ নানা ভয়ভীতি দেখানো হচ্ছে—এমন অভিযোগ পাওয়ার পর জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। জিডির সূত্র ধরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।