ছেলেকে আটক হতে দেখে বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ছেলে সুমন হোসেনকে (২৮) আটক হতে দেখার পর হূদরোগে আক্রান্ত হয়ে বাবা আজমের আলীর মৃত্যু হয়েছে।
গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাবার মৃত্যুর খবর পেয়ে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে সুমন হোসেনকে ছেড়ে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে নরেন্দ্রপুর গ্রামে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালান। এ সময় সুমনসহ ওই এলাকার কয়েকজনকে আটক করা হয়। ছেলেকে আটক হতে দেখে আমজের আলী হূদরোগে আক্রান্ত হন। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যশোরের পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র জানান, ভুল করে সুমনকে আটক করা হয়েছিল। পরে আওয়ামী লীগের লোকজনের কাছে সুমনকে ছেড়ে দেওয়া হয়েছে। সুমনকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করা হয়েছে।
এসপি জানান, বাস পোড়ানোর একটি মামলায় সুমনের চাচাতো ভাই জামায়াতের কর্মী সামাদকে আটক করতে গিয়েছিল যৌথ বাহিনী। একই বাড়ি হওয়ায় ভুল করে সুমনকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ জানান, যাচাই-বাছাই শেষে সুমনকে ছেড়ে দেওয়া হয়েছে।