ছেলেকে আদর করায় মাকে নির্যাতন!
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় নম্বর শয্যায় শুয়ে অঝরে কাঁদছেন জালিয়াপাড়া গ্রামের কমেলা বিবি (৩৩)। বিলাপ করে তিনি বলছেন, ‘নিজের বাচ্চাক আদর করবা যায়ে হামাক ঘরত বান্দে নির্যাতন করে মারল!’ ছেলেকে আদর করতে গিয়ে সাবেক স্বামী ও তাঁর বর্তমান স্ত্রীর হাতে নির্যাতনের ঘটনা এভাবেই বর্ণনা করলেন কমেলা বিবি। কমেলা বিবির অভিযোগ, টেনেহিঁচড়ে ঘরে নিয়ে হাত-পা বেঁধে রড, ইট ও চাকু দিয়ে তাঁকে আঘাত করা হয়। এ ব্যাপারে কমেলার বাবা ঘটনার পাঁচ দিন পর ৬ নভেম্বর বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, জালিয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে কমেলা বিবির বিয়ে হয়েছিল একই গ্রামের মোকছেদ সরকারের ছেলে বাবুল সরকারের সঙ্গে। ১৯ বছর সংসার করার পর বছরখানেক আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর কমেলার তিন সন্তান রয়ে যায় সাবেক স্বামীর ঘরে। আট মাস আগে বাবুল সরকার অন্যত্র বিয়ে করেন। ছয় মাস আগে কমেলারও বিয়ে হয়। বাবার বাড়ি এলে ছেলেদের সঙ্গে দেখা হতো তাঁর। লুকিয়ে ছেলেদের আদর করতেন। সাবেক স্বামী এটা সহ্য করতেন না। এ ব্যাপারে কয়েকবার বকাঝকাও খেতে হয়েছে কমেলাকে।ঘটনার দিন ১ নভেম্বর ছোট ছেলে সুবর্ণ সরকারকে (১০) লুকিয়ে আদর করছিলেন কমেলা। বাবুল ও তাঁর বর্তমান স্ত্রী খালেছা বিবি তা দেখে রেগে যান। তাঁরা কমেলার চুল ধরে টেনেহিঁচড়ে ঘরে নিয়ে লোহার রড দিয়ে মারধর করেন। কমেলা বলেন, ‘হাত-পা ধরেছি। কিন্তু খালেছা ইট দিয়ে মারে আর বলে, “ইট দিয়ে মারলে দাগ থাকবে না। আরও মারো, আরও মারো”!’ একপর্যায়ে চাকু দিয়ে হাতে খোঁচা দিলে কমেলা সংজ্ঞা হারান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মেজ ছেলে মুরাদ সরকার (১২) জানায়, তার বাবা ও সৎমা চান না তার মা তাদের সঙ্গে কথা বলুক বা কোনো রকম সম্পর্ক রাখুক। এ নিয়ে ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে তার মাকে মারধর করা হয়েছে।কমেলার বাবা আলতাফ হোসেন অভিযোগ করেন, ‘আমরা গরিব মানুষ। তাদের হুমকির মুখে মামলা করার সাহস হয়নি। পাড়াপড়শির সহায়তায় ঘটনার পাঁচ দিন পর মামলা করেছি।’ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামছুজ্জোহা জানান, কমেলার হাতের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবুল ও খালেছাকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা পলাতক, তাদের ধরার চেষ্টা চলছে।