ছেলেকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবেদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গত বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত দিনমজুর সবেদ আলী কোনো রাজনৈতিক দলের কেউ নন। গোলাগুলির শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্কুলপড়ুয়া ছেলেকে খুঁজতে বাড়ি থেকে বের হন তিনি। এরপর বাড়ির উঠানে গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।গতকাল শুক্রবার শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়ার সবেদ আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, স্ত্রী জোছনা বেগম স্বামীর রেখে যাওয়া জামাকাপড় নিয়ে বিলাপ করছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিনভর ইটভাটায় কাজ করে সন্ধ্যার কিছু আগে বাড়ি ফেরেন তাঁর স্বামী। সন্ধ্যায় বাড়ির পাশে দ্বিতীয় বাইপাস সড়কে গোলাগুলি শুরু হলে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্কুলপড়ুয়া ছেলে জনি বাড়ির বাইরে থাকায় তাকে খুঁজতে বাড়ি থেকে বের হন। বাড়ির বাইরে উঠানে দাঁড়িয়ে উঁকি দিতেই গুলি এসে লাগে তাঁর শরীরে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।জোছনা বেগম জানান, পাঁচ ছেলেমেয়ের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি দুই মেয়ে সাফিয়া ও আছিয়া পড়ছে সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একমাত্র ছেলে জনি পড়ছে চাঁচাই তারা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘হামার স্বামী জামাত বোঝেন না, রাজনীতি বোঝেন না, সংসার আর কাজ ছাড়া তিনি কিছুই বোঝেন না। গোলার শব্দ শুনে ছেলেক খুঁজবার য্যায়া তিনি জানটা হারালেন।’বগুড়া পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার দ্বিতীয় বাইপাস সড়কে জামায়াত-শিবিরের হামলায় পুলিশের ছয় সদস্য আহত ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর র‌্যাব-পুলিশ-বিজিবি সড়কে টহল দিচ্ছিল। সন্ধ্যার দিকে জামায়াত-শিবির সুজাবাদ এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে টহল দল আটকা পড়ে। এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে জামায়াত-শিবির। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে সবেদ আলী মারা যান।