ছেলেকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে বাসচাপায় মায়ের মৃত্যু
শারীরিক প্রতিবন্ধী শিশুসন্তানকে চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরার পথে বাসের চাপায় মায়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ওই মায়ের নাম মোছা. আফসানা (৩০)। তিনি মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে বিহারি ক্যাম্পে থাকতেন। তাঁর স্বামীর নাম মো. চান মিয়া। আফসানা তাঁর শারীরিক প্রতিবন্ধী শিশুসন্তান তারেককে (১০) চিকিৎসক দেখিয়ে বাসায় ফিরছিলেন।
আফসানার প্রতিবেশী শাহিন আকতার বলেন, ‘চিকিৎসক দেখিয়ে আমরা বাসায় ফিরছিলাম। রাস্তা পার হওয়ার সময় একটি বাস আফসানাকে ধাক্কা দিলে তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান। এ সময় তাঁর ছেলে তারেক দৌড় দিলে আমি তাঁকে আটকাতে যাই। ফিরে এসে দেখি আফসানা মারা গেছেন।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে একটি বাস আফসানাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।