ছেলেকে জিজ্ঞাসাবাদ করে মিলল নিখোঁজ বাবার লাশ
দুই দিন ধরে নিখোঁজ ছিলেন আবু জাহের (৫০)। তাঁর ছেলে মো. হান্নানকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে ছেলেই দিল বাবার সন্ধান। জীবিত নয়, মাটিতে পুঁতে রাখা হয়েছে আবু জাহেরের লাশ। গত রোববার দিবাগত রাত দুইটায় নোয়াখালীর বেগমগঞ্জে মীর ওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া-চাঁদপুর গ্রামের একটি খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আবু জাহের নিখোঁজ হওয়ার ঘটনায় ছেলে মো. হান্নান ও তার মা রেহানা আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবু জাহেরের বড় ভাই হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একটি ফোন আসায় আবু জাহের বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় স্ত্রী রেহানাকে বারিহাটে যাচ্ছেন বলে জানান। রাতে বাড়ি ফিরে না আসায় পরদিন শনিবার তিনি বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হুমায়ুন কবির জানান, তাঁর ভাই ১৯ বছর ধরে সৌদি আরবপ্রবাসী। দেড় মাস আগে দেশে আসেন। বিদেশ থেকে পাঠানো টাকাপয়সার হিসাব নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো তাঁর ভাইয়ের। বড় ছেলে হান্নান পড়ালেখা না করে ঘোরাঘুরি করা নিয়ে তাকেও বকাঝকা করেন। এ নিয়ে হান্নান বাড়ি ছেড়ে চলে যায়। এসব কারণে ভাই নিখোঁজ হওয়ার পেছনে তাঁর স্ত্রী ও ছেলের হাত থাকতে পারে বলে তাঁর সন্দেহ হয়।
হুমায়ুন কবির (পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক) জানান, রোববার সকালে পুলিশ তাঁর ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। বাড়িতে আসার পর তিনি আবারও হান্নানের কাছে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চান। এ সময় সে তার বাবা মারা গেছেন বলে জানায়। তাৎক্ষণিক তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে চার-পাঁচ শ গজ দূরে খালের কিনারায় মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, বিদেশ থেকে পাঠানো টাকাপয়সার হিসাব চাইলে স্ত্রী-পুত্রের সঙ্গে প্রবাসী আবু জাহেরের বিরোধ দেখা দেয়। এর জের ধরেই বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে জাহেরকে হত্যা করে লাশ পুঁতে রাখা হয়।