ছেলেকে জীবিত ফিরে পেতে এক মায়ের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন এক মা। গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছেলের নাম মহিতোষ হাজরা। আর তাঁর মা হলেন স্বর্ণলতা হাজরা। 
সংবাদ সম্মেলনে তিনি ছেলেকে জীবিত ও অক্ষত ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বর্ণলতা বলেন, একটি ডাকাতি মামলায় ২০০৯ সালের ২০ মে মহিতোষকে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান ওরফে চঞ্চল হত্যা মামলাসহ আরও ১৬টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে তিনি পাঁচটিতে খালাস পান। অন্যগুলোতে বর্তমানে জামিনে আছেন।
সম্প্রতি চঞ্চল হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ২৬ আগস্ট সন্ধ্যায় সাতক্ষীরা কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় তাঁকে কারাগার থেকে বাড়িতে আনতে তিনি, তাঁর মেয়ে ছন্দা ও তাঁদের পরিচিত বসির আহম্মেদ কারাগারের প্রধান ফটকে অপেক্ষা করছিলেন। সোয়া ছয়টার দিকে কারাগারের প্রধান ফটক থেকে বের হওয়ার পরপরই ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি মহিতোষকে একটি সাদা রঙের প্রাইভেট কারে জোর করে তুলে নিয়ে যান। গাড়িটি কারাগারের সীমানার বাইরে এলে পুলিশভর্তি আরও দুটি মাইক্রোবাসসহ ওই প্রাইভেট কারটি সাতক্ষীরা শহরের দিকে চলে যায়। এর পর থেকে র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনে ধরনা দিয়েও তিনি ছেলের সন্ধান পাননি।
সংবাদ সম্মেলনে স্বর্ণলতা আরও বলেন, তাঁদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। ওই গ্রামের কয়েকজনের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ রয়েছে। তাঁরা মহিতোষকে বিভিন্ন মামলায় জড়িয়েছেন। তাঁরাই প্রশাসনের সহযোগিতায় তাঁর ছেলেকে গুম অথবা খুন করার পরিকল্পনা নিয়েছেন বলে তিনি আশঙ্কা করছেন। তিনি দাবি করেন, গত রোববার সকাল নয়টা ৪৩ মিনিটে তাঁর মেয়ে ছন্দার মুঠোফোনে বাংলালিংকের একটি মুঠোফোন নম্বর থেকে ফোন করা হয় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে। এ সময় ২০ হাজার টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর এসএমএস করা হয়। ওই মুঠোফোন থেকে মহিতোষও কথা বলেন ছন্দার সঙ্গে। তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন উল্লেখ করে তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য ওই বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। একইভাবে ওই দিন বিকেল চারটা ৯ মিনিটে একই মুঠোফোন নম্বর থেকে সন্ধ্যার মধ্যে টাকা পাঠাতে বলা হয়।
গতকাল সোমবার বিকেল চারটা ৪৩ মিনিটে এই প্রতিবেদক বাংলালিংকের ওই নম্বরে ফোন করেন। প্রতিবেদকের পরিচয় জানার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজমল হোসেন জানান, তাঁরা কাউকে জেলা কারাগারের সামনে থেকে তুলে আনেননি। এ বিষয় তাঁর কিছু জানা নেই।