ছেলেকে দেখতে গিয়ে বাবাও কারাগারে
ছেলে নীলফামারী কারাগারে বন্দী। তাকে দেখতে এসেছিলেন বাবা মকবুল হোসেন (৫৫)। তবে সঙ্গে গাঁজার পুরিয়া বহন করায় তাঁকেও কারাভোগ করতে হচ্ছে। তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় নীলফামারী কারাগারে কারারক্ষীদের হাতে আটক হন মকবুল হোসেন। এরপর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মকবুল হোসেন ডিমলা উপজেলার বাবুর হাট গ্রামের বাসিন্দা।
নীলফামারী কারাগারের কারাধ্যক্ষ আল আমিন হোসেন বলেন, সোমবার বিকেলে কারাগারে বন্দী ছেলে সাইফুল ইসলাম লাদেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মকবুল হোসেন। একপর্যায়ে কারাগারের প্রবেশপথ অতিক্রমের সময় কারারক্ষীরা তাঁর শরীর তল্লাশি করে একটি গাঁজার পুরিয়া পান। এরপর সন্ধ্যায় মকবুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ওই দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জ্যোতি প্রু বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় মকবুলকে ওই সাজা দেওয়া হয়।