ছেলেকে না দেখেই চলে গেলেন শামসুদ্দীন!
গুম হয়ে যাওয়া ছেলেকে ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন সাবেক স্কুলশিক্ষক মো. শামসুদ্দীন। ছেলের শেষ অবস্থান জানতে চেয়ে আকুতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছেও। গত বছরের ৪ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এ আকুতি জানিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। শেষ পর্যন্ত ছেলেকে না দেখে, ছেলের শেষ অবস্থান না জেনেই চলে যেতে হলো তাঁকে। গত শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শামসুদ্দীনের ছেলে নিজামউদ্দীন মুন্না বিমানবন্দর থানা শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। গত ২০১৩ সালের ৬ ডিসেম্বর রাতে দক্ষিণখানের মোল্লারটেকে তাঁদের বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ লেখা মাইক্রোবাসে করে নিজামউদ্দীন ও তাঁর বন্ধু তরিকুল ইসলামকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। চোখের সামনে ছেলেকে জোর করে ডিবি লেখা গাড়িতে তুলতে দেখেছিলেন বাবা শামসুদ্দীন। এরপরে ছেলের খোঁজে র্যাব, পুলিশ, ডিবি সবার কাছে গেছেন, কেউ কিছু বলেনি। সরকারের যে পর্যন্ত তিনি যেতে পারেন, সবার দরজায় গিয়েছেন। কিন্তু ফিরতে হয়েছে খালি হাতে। গত ৪ ডিসেম্বর প্রেসক্লাবে শামসুদ্দীন বলেন, ‘এখন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমার ছেলেকে কোথায় মাটিতে পুঁতে রাখা হয়েছে তা বলে দিক। আমি ছেলের মাটি নিয়ে শেষ দিন পর্যন্ত বেঁচে থাকব। অন্তত একবার ছেলের কবর জিয়ারত করতে চাই।’
শামসুদ্দীনের স্ত্রী ময়ূরী বেগম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে শামসুদ্দীন মারা যান। যতক্ষণ জ্ঞান ছিল, ততক্ষণ কেবল ছেলেকে ফিরে পাওয়ার আকুতিই জানিয়েছেন। অন্তত ছেলের কবরে গিয়ে একবার দোয়া করতে চেয়েছিলেন। ছেলের শোকেই শেষ হলো তাঁর জীবন। কাঁদতে কাঁদতে ময়ূরী বলেন, ‘আমার তো সবই শেষ হয়ে গেল। ছেলে গেল, ছেলের শোকে বাপও গেল।’
গুম হওয়া আরেক পরিবারের সদস্য সানজিদা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শামসুদ্দীন চাচা শেষ পর্যন্ত ছেলেকে ফিরে পাওয়ার চেষ্টা করে গেছেন। শরীরে কুলায়নি বলে যেখানে তিনি যেতে পারেননি, সেখানে আমাদের (গুম হওয়া অন্যদের স্বজনদের) পাঠিয়ে বলেছেন, আমরা যেন রাজপথ না ছাড়ি। হাসপাতালে ভর্তি থাকার সময়ও তিনি কেবল ছেলেকেই ফিরে পেতে চেয়েছেন, সেখান থেকেও ফোন করে নানা কথা বলতেন।’
শামসুদ্দীনের স্বজনেরা জানান, নোয়াখালীর একটি স্কুলের শিক্ষকতা ছেড়ে ঢাকায় এসে লঞ্চের পরিচালক হিসেবে কাজ করতেন শামসুদ্দীন। ছেলে গুম হওয়ার পরে পাগলের মতো ঘুরেছেন মানুষের দ্বারে দ্বারে। লিভারের সমস্যায় ভুগছিলেন শামসুদ্দীন। দীর্ঘ চিকিৎসা শেষ দিকে তাঁর কিডনিতেও সমস্যা দেখা দেয়। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবার প্রায় নিঃস্ব।