রাজশাহীর পুঠিয়ায় বুলবুল হোসেন (২৫) নামের এক যুবক স্থানীয় সাংসদকে লক্ষ্য করে ঢিল ছুড়েছেন বলে অভিযোগ এনে তাঁর বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে ধরে এনে বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গুরুতর আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল ওয়াদুদ গত সোমবার রাত আটটার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে গণসংযোগ করছিলেন। একপর্যায়ে তিনি একটি দোকানের বারান্দায় বসে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ওই বারান্দার টিনের চালায় দুটি ইটের ঢিল এসে পড়ে। এ ঘটনার পর সাংসদ আবদুল ওয়াদুদ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সাংসদ চলে যাওয়ার পর ধোপাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল্লাহ ওরফে ঝাটু কসাইয়ের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা স্থানীয় যুবক বুলবুলকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে পরে বাড়ি থেকে তাঁর বাবা আবদুল ওয়াহেদকে (৬৫) ধরে এনে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাঁকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওয়াহেদ অভিযোগ করেন, ঘটনার পর পর পুলিশ তাঁর ছেলে বুলবুলকে ধরতে এসেছিল। তাঁর ছেলে ওই সময় রাতের খাবার খাচ্ছিলেন। হাতে ভাতের এঁটো ছিল। তা দেখে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। পরে আওয়ামী লীগের লোকজন তাঁর বাড়িতে আসে। এ সময় তিনি রাতের খাবার খেতে বসেছেন। বাড়িতে তাঁর ছেলেকে না পেয়ে তারা তাঁকে ধরে নিয়ে পাইপ ও লোহার রড দিয়ে পেটায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন, ‘ঘটনার পরপরই আমরা বুলবুলের বাড়িতে গিয়েছিলাম। তবে তাঁকে দেখে সন্দেহ হয়নি বলে আমরা তাঁকে আটক করিনি। আর ওয়াহেদকে মারধরের ঘটনার কথা শুনেছি। তবে কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি।’
ঘটনা সম্পর্কে জানতে সাংসদ আবদুল ওয়াদুদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ধোপাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল্লাহ বলেন, ‘সাংসদের গায়ে ঢিল লাগেনি। কিন্তু এতে ধোপাপাড়া গ্রামের মানুষের ইজ্জত গেছে। ওরা এই এলাকার সন্ত্রাসী। এ জন্য ওদের ধরে এনে মেরেছি। এতে আওয়ামী লীগ খুশি, বিএনপিও খুশি। ওয়াদুদের ছেলে এখনো বাড়িতে ঢুকতে পারেনি। ঢুকলে আবার দেব।’