ছেলেকে নির্যাতন, বাবা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর বয়সী ছেলের দুই পা রশি দিয়ে জানালার গ্রিলের সঙ্গে বাঁধা। পা ওপরে। নিচে মাথা। সেই ছেলেকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন বাবা। শিশুটির চিৎকার শুনে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আটক করে বাবা আবদুল হাকিমকে।
গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার শিশুর বাবাকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম খোরশেদ আলম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, শিশুটির বাবা আবদুল হাকিম পেশায় রিকশাচালক। সবুজবাগের ওহাব কলোনি এলাকার মো. শহীদুল ইসলামের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। রাকিবকে নির্যাতনের ঘটনায় শিশুটির বাবার বিরুদ্ধে শিশু আইনে মামলাটি করেন বাড়ির মালিক বাদী হয়ে।
আদালতে শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তখন রাত বাজে দুইটা। রাকিবের কান্নাকাটি-চিৎকার শুনতে পাই। পরে আমি সেখানে যাই। দেখি, রাকিবের পা ওপরে জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। মাথা নিচে। তখন হাকিম তাঁর ছেলেকে বেধড়ক পেটাচ্ছেন। আমি বাধ্য হয়ে পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে।’ শহীদুল বলেন, রাকিব মাঝেমধ্যে বাড়ি থেকে পালাত। এ নিয়ে তার বাবার মনে ক্ষোভ ছিল।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শিশুটির কান্নার শব্দে পুরো এলাকার লোকজন বেরিয়ে আসে। এরপর লোকজনের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়ার জন্য বাড়ির মালিককে অনুরোধ করা হয়। এরপর বাধ্য হয়ে বাড়ির মালিক ঘটনাটি পুলিশকে জানান। রাতে সেখানে এলে আশপাশে শত শত মানুষ জড়ো হন। কেউ কেউ শিশুটির বাবাকে মারধরের চেষ্টা করেন। এ সময় পুলিশ শিশুর বাবাকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়।
জানতে চাইলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কুদ্দুস ফকির প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা হাকিম রাকিবকে ঝুলিয়ে নির্যাতন করেন। পরে হাকিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে অবশ্যই আদালতে প্রতিবেদন দেওয়া হবে। শিশুটি আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেছে, রোববার রাতে তার বাবা তাকে নির্যাতন করেন।