ছেলেকে পরীক্ষাকেন্দ্রে দিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার্থী ছেলেকে পরীক্ষার হলে ঢুকিয়ে ফেরার পথে বাসচাপায় নিহত হয়েছেন এক বাবা। গতকাল রোববার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখ আবদুল সাহিদ (৪৩) পরিসংখ্যান ব্যুরোর গাড়িচালক। পুলিশ জানায়, সকাল সোয়া নয়টার দিকে ফার্মগেট পার্কের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস শেখ আবদুল সাহিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ছেলে এস এ সাজ্জাদকে তেজগাঁও কলেজ পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে আগারগাঁওয়ে কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ নিয়ে যান স্বজনেরা। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, পুলিশ বাসটির চালক আলাল মিয়াকে (৩৩) গ্রেপ্তার ও গাড়িটি আটক করেছে। এ ছাড়া গত শনিবার গভীর রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় রিকশা আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই রিকশাচালকও আহত হয়েছেন।ট্রাকচাপায় নিহত এম রবিউল ইসলাম (৩২) ও মইনুল ইসলাম (৩৫) ফকিরাপুল এলাকায় মুদ্রণ ব্যবসার সঙ্গে যুক্ত। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত আহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি।