ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনে দাঁড়িয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা। চোখ দুটো তাঁর টলমল। বললেন, ‘হেরোইন সেবনের জন্য প্রতিদিন ওকে (ছেলে) ১০০ টাকা দিতে হয়। না দিলে চুরি করে। আর পারছি না। ওর মেয়ে দুটিকে এতিমখানায় দিয়েছি। আজ ওকে দিচ্ছি পুলিশে।’ কথাগুলো রাজশাহী নগরের পঞ্চবটি এলাকার এক মায়ের। বুধবার দুপুরে তাঁর ছেলে শরীফ উদ্দিনসহ (৩০) আরও তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা সবাই মাদকসেবী। এলাকাবাসী ও পরিবারের লোকজন তাঁদের মাদকের ছোবল থেকে বাঁচাতে বাধ্য হয়ে পুলিশে দিয়েছেন।শরীফ উদ্দিন জানান, তিনি পাঁচ-ছয় বছর ধরে হেরোইন সেবন করেন। টাকা কোথায় পান জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়াটার সাপ্লাইয়ের মিস্ত্রির কাজ করতাম। সেখান থেকেই নেশার খরচ জোগাতাম। কিছুদিন থেকে বেকার। এখন মায়ের কাছ থেকে নেই।’আরেক মাদকসেবী জনী (২৬) বলেন, তিনি হেরোইন সেবন করছেন আট বছর ধরে। এতে প্রতিদিন তাঁর ১০০ টাকা লাগে। টাকা কোথায় পান জানতে চাইলে তিনি বলেন, ‘ঠিক নাই। যখন যেখানে পাই।’ জনীর বাড়ি নগরের খড়বোনায়। টুটুলের (৩০) বাড়ি নগরের পঞ্চবটিতে। তিনি ঢাকায় কোচের চালক ছিলেন। পাঁচ-ছয় বছর ধরে হেরোইন সেবন করছেন তিনি। এ কারণে মালিক তাঁকে ভয়ে গাড়ি দেওয়া বন্ধ করে দিয়েছেন। এখন বেকার। অথচ প্রতিদিন তাঁর নেশার পেছনে খরচ হয় ২০০ টাকা। তবে মা-বাবাই এ টাকার জোগান দেন।শরীফ, জনী ও টুটুল তিনজনই কারাগারে যেতে রাজি হয়েছেন। কিন্তু বাদ সাধেন জয়ন্ত গোপাল চক্রবর্তী (৪২)। তিনি কারাগারে যেতে চাননি। এলাকাবাসী তাঁকে জোর করে ধরে এনে পুলিশে দিয়েছেন। জয়ন্ত বলেন, প্রতিদিন তাঁর ২০০ টাকার হেরোইন লাগে। মাদকসেবীদের পুলিশে সোপর্দ করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা আরমান আলী। তিনি বলেন, পঞ্চবটি এলাকা মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। হেরোইনসেবীদের চুরির কারণে এলাকাবাসীর ঘরবাড়ির জিনিসপত্র থাকছে না। এলাকার আরও কমপক্ষে ১০ জন মাদকসেবীকে পুলিশে সোপর্দ করার পরিকল্পনা আছে তাঁদের। মাদকসেবীদের অভিভাবকেরাও রাজি হয়েছেন। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমাউল হক জানান, পুলিশে সোপর্দ করা চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।