ছেলেকে পুড়িয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা
অন্য নারীর সঙ্গে পরকীয়া আছে, এমন অভিযোগে স্বামীর সঙ্গে ঝগড়া করেন অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। অভিমানে তিনি প্রথম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে আগুনে পুড়িয়ে হত্যা করেন, পরে নিজের শরীরেও আগুন দিয়ে আত্মহত্যা করেন।মর্মান্তিক এই ঘটনা ঘটে গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণ অনুযায়ী, চরহোগলা গ্রামের বাসিন্দা আলী আজগর মিয়ার সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় পাশের চরকিশোরগঞ্জ গ্রামের ইসমত আরার (২৮)। এরই মধ্যে তাঁদের ফাহিম হোসেন নামের একটি ছেলে হয়। ফাহিম স্থানীয় সাকসেস প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। প্রতিবেশীরা জানান, এক মাস আগে গৃহবধূ ইসমত খবর পান যে তাঁর স্বামী মুন্সিগঞ্জের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। গত মঙ্গলবার আজগর ব্যবসার কাজে বাইরে যান। ওই দিন সন্ধ্যায় ইসমত পোলাও-মাংস রান্না করে ছেলেকে খাওয়ান, নিজেও খান। খাওয়া শেষে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাত আটটার দিকে প্রথমে ছেলের শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেন। পরে নিজের শরীরেও কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন।এদিকে ঘরের ভেতরে আগুন দেখে এলাকাবাসী ঘরের দরজা ভেঙে মা-ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে আজগর ঘটনাস্থলে গিয়ে চেতনা হারিয়ে ফেলেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, স্বামীর সঙ্গে অভিমান করেই গৃহবধূ ইসমত আরা এ ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করেছেন।