ছেলেকে পেতে মায়ের আর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা বের হাতে গ্রেপ্তারের পর মারা যাওয়া মো. হানিফ মৃধার বন্ধু সোহেল হোসেনকে ফিরিয়ে দিতে আকুতি জানিয়েছেন তাঁর মা মমতাজ বেগম। প্রধানমন্ত্রীর কাছে তিনি আকুতি জানিয়ে বলেন, এক মায়ের এক ছেলে ফিরিয়ে দিন।
এদিকে র্যা বের হাতে গ্রেপ্তারের পর নিহত হানিফ মৃধাকে অপহরণের ঘটনায় দায়ের করা জিডির বই খুঁজে পাচ্ছে না সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. সরাফত উল্লাহ বলেন, ১ মার্চ থেকে সাধারণ ডায়েরি (জিডি বই) হারিয়ে গেছে।
গতকাল দুপুরে সোহেলের মা মমতাজ বেগম, স্ত্রী নিপাসহ তাঁদের আত্মীয় আবদুল জলিল র্যা ব কার্যালয়ে যান। তাঁরা র্যা ব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেমের সঙ্গে দেখা করে ছেলের সন্ধান চান।
গত শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যা ব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে অজ্ঞাতনামা হামলাকারী নিহত হন।
র্যা ব জানায়, ওই দিন বিকেলেই মো. হানিফ মৃধাকে বিমানবন্দর এলাকার মুনমুন কাবাবের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। র্যা ব অফিসে নেওয়ার পর তাঁর বুকে ব্যথা শুরু হলে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
তবে হানিফ ও সোহেলের পরিবারের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে গোয়েন্দা বাহিনীর পরিচয়ে হানিফ ও সোহেলকে তুলে নেওয়া হয়।
র্যা ব কার্যালয়ে সোহেলের মা মমতাজ বেগম বলেন, হানিফ আর সোহেল বন্ধু। সোহেলের মামা সগীর মাস্টার তাঁকে ফোন করে জানান, কয়েকজন সোহেলকে তুলে নিয়ে গেছে। তাঁর ফোন পেয়েই বরগুনা থেকে মমতাজ বেগম ঢাকায় আসেন। সোহেলের স্ত্রী নিপা বলেন, হানিফের পরিবারের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, র্যা ব পরিচয়ধারী লোকজন হানিফকে সঙ্গে নিয়ে তাঁদের বাসায় এসেছিলেন।
র্যা বের অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করে বের হওয়ার পর গতকাল বিকেল ৪টা ৫৮ মিনিটে মুঠোফোনে কথা হয় মমতাজ বেগমের সঙ্গে। তিনি বলেন, র্যা বের অধিনায়ক তাঁদের অভিযোগ লিপিবদ্ধ করিয়ে সই নিয়ে রেখেছেন।
র্যা ব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, সোহেলের কোনো সন্ধান তাঁদের জানা নেই। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধান শুরু করেছেন।