ছেলেকে প্রকাশ্যে জুতোপেটা করলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি স্কুলে এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অপরাধে বহিষ্কার করা হয়েছে ওই স্কুলেরই এক ছাত্রকে। এই অপরাধের জন্য ছাত্রের বাবা ও স্কুলের অভিভাবক পরিচালনা পর্ষদের সদস্য ছেলেকে সবার সামনে জুতোপেটা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার ওই ছাত্র স্কুলচত্বরে একই স্কুলের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ স্কুলের কার্যালয়ে এলাকাবাসীর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সিদ্ধান্ত বিবেচনা করে ওই ছাত্রকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিচারের ভার স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা গোপন বৈঠক করেন। তাঁরা ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। ওই ছাত্রের বাবাও ওই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য। তিনি এ অপরাধের জন্য সবার সামনে তাঁর ছেলেকে  জুতোপেটা করেন। এ সময় ওই ছাত্র উপস্থিত সবার কাছে ভুল স্বীকার করে। সে জীবনে এমন অন্যায় আর করবে না বলে অঙ্গীকার করে।

স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘আমরা বিদ্যালয়ের রেজুলেশন (সভার কার্যবিবরণী) বহিতে আজই এ সিদ্ধান্ত কার্যকর করব।’