ছেলেকে ফিরে পেতে আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের কলেজপড়ুয়া ছাত্র মো. রায়হানকে (২১) ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তাঁর বাবা-মা। অপহরণের প্রায় আড়াই মাসেও উদ্ধার হননি তিনি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন রায়হানের বাবা আবদুর রাজ্জাক ও মা জাহানারা বেগম।ছেলেকে না পেয়ে জাহানারা বেগম বাদী হয়ে ক্ষেতলাল থানায় গত ১৮ নভেম্বর একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, রায়হান বগুড়ার আজিজুল হক কলেজের ভূগোল বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর সঙ্গে পূর্ব বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোলগ্রামের বজরুল ইসলাম ও ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের লবির উদ্দীন সরকারের শত্রুতা ছিল। গত ২৫ অক্টোবর সকাল ১০টার দিকে বজরুল ও লবিরসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে তাঁদের বাড়িতে হাজির হন। রায়হানকে এলোপাতাড়ি মারধর শুরু করেন তাঁরা। এ সময় রায়হান প্রাণভয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁর পিছু নেয়। এর পর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও রায়হান ফিরে আসেননি। জাহানারা বেগম অভিযোগ করেন, ‘দুর্বৃত্তরা এখন বিভিন্ন মোবাইল ফোন থেকে আমাদের হুমকি-ধমকিসহ মুক্তিপণ দাবি করছে।’ বজরুল ও লবিরের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, রাতে তাঁরা বাড়ি আসেন। দিনে চলে যান। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক আলী বলেন, ‘আমি এ থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’