ছেলেকে ফিরে পেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু বক্কর শেখকে (বা থেকে দ্বিতীয়) ফিরে পেয়েছেন মা হামিদা বেগম। গোয়ালন্দের বিশ্বনাথপাড়ার শাহজাহান সরদারের বাড়ি থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
আবু বক্কর শেখকে (বা থেকে দ্বিতীয়) ফিরে পেয়েছেন মা হামিদা বেগম। গোয়ালন্দের বিশ্বনাথপাড়ার শাহজাহান সরদারের বাড়ি থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের খানপুরা মধ্যপাড়ার কৃষক খোরশেদ শেখের বড় ছেলে আবু বক্কার শেখ (২২)। তিনি মানসিক প্রতিবন্ধী। প্রায় ১০ মাস আগে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
গত শনিবার ছেলের সন্ধান পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দে ছুটে আসেন আবু বক্কারের মা হামিদা বেগম। গতকাল রোববার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান হামিদা।
গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী শাহজাহান সরদার বলেন, ‘প্রায় দেড় বছর আগে গোয়ালন্দ মোড়ে আমার সঙ্গে আবু বক্কারের প্রথম দেখা হয়। এরপর আর দেখা হয়নি। হঠাৎ করে গত বছরের ২ সেপ্টেম্বর বাবার মৃত্যুবার্ষিকীতে আমার বিশ্বনাথপাড়ার বাড়িতে আবু বক্কার এসে হাজির। এসেই আমাকে বাবা বলে ডাকে। এতে আমি অবাক হই। সে তাঁর বাবা, মা ও গ্রামের নাম ছাড়া কিছুই বলতে পারে না। কয়েক দিন থাকার পর সে চলে যায়। পরে এ বছরের ফেব্রুয়ারিতে সে আবার আমার বাড়িতে আসে। এরপর আর কোথাও যায়নি। সে আমার বাড়িতে পরিবারের সদস্যের মতোই থাকত। কোথাও বেড়াতে গেলে শুধু গাড়ি ভাড়া চাইত, বাড়তি টাকা নিত না।
গোয়ালন্দের এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে বক্কারের মা ও বোন শনিবার সকালে শাহজাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। শাহজাহানের বাড়িতে বক্কারের অবস্থান সম্পর্কে জানতে পেরে ওই দিন সন্ধ্যায় ছুটে আসেন তাঁর মা হামিদা ও ছোট বোন ফরিদা খাতুন। গতকাল রোববার বক্কারকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
হামিদা বলেন, মাঝেমধ্যে আবু বক্কার বাড়ি থেকে আত্মীয়স্বজনের বাড়িতে যেত। দুই-তিন দিন পর ফিরে আসত। ১০ মাস আগে ধানখেতের আবর্জনা পরিষ্কার করতে বের হয়ে আর ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
বোন ফরিদা বলেন, ‘ভাইয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী হলেও তাঁর সরলতার জন্য পরিবারের কেউ তাঁকে ছাড়া থাকতে পারেন না। ১০ মাস তাঁকে ছাড়া অনেক কষ্টে দিন কাটিয়েছি। আজ ভাইয়াকে পেয়ে যে খুশি লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’