ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা। গতকাল সোমবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
নিহত কাজল রানীর (৪০) লাশ বিনা ময়নাতদন্তে সৎকারের জন্য নিয়ে গেছে পরিবার। তবে মাকে হারিয়ে ছয় বছরের শিশু বিপ্লবের কান্না আর কিছুতেই থামছে না।
বিপ্লবের বাবা ক্ষৌরকার ফণীচন্দ্র শীল জানান, নাজিমউদ্দিন রোডের ভাড়া বাসায় তিনি পরিবার নিয়ে থাকেন। তাঁর চার ছেলে ও দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার ছোট। গতকাল বেলা তিনটার দিকে বিপ্লব বাসার বাইরে গেলে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলের চিৎকারে মা কাজল রানী ছুটে এসে ঝটকা মেরে বিপ্লবকে ছুটিয়ে দেন। কিন্তু সেখানেই অসুস্থ হয়ে পড়েন কাজল। মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল চারটার দিকে চিকিৎসকেরা কাজলকে মৃত ঘোষণা করেন। বিপ্লবের কপালে সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পরে পুলিশের কাছে আবেদন দিয়ে বিনা ময়নাতদন্তে কাজলের লাশ নিয়ে গেছে পরিবার।