ছেলেকে বাঁচাতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় সাত বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা সালমা বেগম (৩৫)। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান সালমা।

সালমার বাড়ি মেলান্দহের চরপলিশা গ্রামে। তাঁর স্বামীর নাম মোশারফ হোসেন। তিনি গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সালমা গত বুধবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আজ বুধবার তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল। বাড়ি থেকে তিনি শিশু সন্তান সিয়ামকে (৭) নিয়ে জামালপুর স্টেশনে যাওয়ার জন্য বের হন। পথে দুজন রেলওয়ের ঝিনাই ব্রিজ পার হচ্ছিলেন। ব্রিজ পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন চলে আসে। এ সময় রেললাইনের ওপর থেকে মা ও ছেলে নেমে পড়েন। কিন্তু ট্রেন কাছাকাছি এলে ছেলে হঠাৎ করে আবার রেললাইনের ওপর উঠে যায়। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মা সালমা।

জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, ‘ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’