ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক বাবার। গতকাল শনিবার এই ঘটনা ঘটে। শেরপুরের নালিতাবাড়ীতে গত বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।

ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাবার নাম মোস্তফা কামাল (৭০)। এ ঘটনায় আহত তাঁর ছেলে কবির হোসেনকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি ত্রিশাল উপজেলার সতেপাড়া গ্রামে। নালিতাবাড়ীতে মারা গেছেন আবদুল মালেক (৫০) নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি ওই উপজেলার বাইগরপাড়া গ্রামে।

ত্রিশাল থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সতেপাড়া গ্রামে নিজেদের জমিতে ধানের বীজ বপন করছিলেন মোস্তফা কামাল ও তাঁর ছেলে কবির। এ সময় ফসলের জমির ওপরে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন কবির। বিষয়টি বুঝতে পেরে মোস্তফা কামাল ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর ছেলেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, ছেলেকে বাঁচাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা কামালের মৃত্যু হয়েছে।

নালিতাবাড়ী উপজেলার বাইগরপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গত বুধবার সন্ধ্যায় আবদুল মালেক বাড়ির উঠানে জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।