ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা গুলিবিদ্ধ
ছেলেকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের অস্ত্রের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটেছে।
এলাকার কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচন শেষে ইউনিয়ন পরিষদ কেন্দ্রের সামনে অনেকের মতোই পরিবহনশ্রমিক লতিফ মণ্ডল ও তাঁর ছেলে মিলন মণ্ডল দাঁড়িয়ে ছিলেন।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেনের ছেলে কাইয়ুম, তাঁর বন্ধু রাসেলসহ ছয়-সাতজন যুবক মিলনকে মারতে আসেন। যুবকদের মধ্যে একজন পিস্তল বের করে গুলি করার চেষ্টা করেন।
এ সময় লতিফ মণ্ডল পিস্তলটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে একটি গুলি বের হয়ে তাঁর ডান হাতের একটি আঙুল জখম হয়। পরে যুবকেরা পিস্তল নিয়ে পালিয়ে যান। এলাকাবাসী দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গতকাল মঙ্গলবার লতিফ মণ্ডল অভিযোগ করেন, তাঁর ছেলে মিলনের সঙ্গে উপজেলার দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ার আক্তার মেম্বারের ছেলে ও উপজেলা যুবদল নেতা কাইয়ুম মোল্যার তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ ছিল। ভোটের দিন মিলন বাড়িতে আসায় কাইয়ুমরা তাঁকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে ঘুরছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে কাইয়ুমের বাবা আক্তার হোসেন বলেন, ভোটের দিন ভেভন্দ্রর বাইরে কাইয়ুমের সঙ্গে মিলনের হাহাহাতির কথা তিনি শুনেছেন। তবে গুলি করার কথা ঠিক নয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ মামলা করতে আসেনি।